দুই মাসে সাংবাদিকদের ওপর চার দফা হামলা ছাত্রলীগের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিতে আবারও এক সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। এ নিয়ে গত দুই মাসে ছাত্রলীগের একাংশের হাতে অন্তত চার দফা সাংবাদিকেরা লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে হামলার শিকার সাংবাদিক হচ্ছেন যুগান্তর-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু বকর রাহাত। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের গণিত দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মিনহাজের নেতৃত্বে হামলা হয় বলে জানা গেছে। হামলাকারীরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হকের অনুসারী বলে জানা গেছে। রাহাত নগরে অবস্থিত পত্রিকা কার্যালয়ে আসার জন্য শাটল ট্রেনে ওঠেন। বগির একটি আসনে বসাকে কেন্দ্র করে তাঁকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, রাহাতকে মারধরের ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক নিজেই ক্ষমা চেয়েছেন। শ্রেণীকক্ষে প্রবেশ করে সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত রুবেল দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব।’সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী বলেন, শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলোর দখলভিত্তিক অপরাজনীতির কারণে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকেরা নাজেহাল ও হামলার শিকার হচ্ছে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও হামলাকারীদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ১৫ শীর্ষ নেতা। বিবৃতিদাতারা হলেন সহসভাপতি আবদুল্লাহ আল আসাদ, আহসানুল করিম, মাহমুদুল হাসান, সৌরভ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, রাউফুর রহমান, দিয়াজ ইরফান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ওমর ফারুক, তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ, সাদা দল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চুয়েট সাংবাদিক সমিতি, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন।