ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দুই মাসে ১০জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন জানিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
আজ বৃহস্পতিবার সাংবাদিক সমিতির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো একটি ঘটনারও বিচার করেনি। কোনো কোনো ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের নামে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল নেওয়া হচ্ছে। এসব ঘটনায় ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধেও সংগঠনটি কোনো ব্যবস্থা নেয়নি বরং এর আগে একাধিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতদের নতুন করে পদায়ন করা হয়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রত্যাশিত কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে।
সর্বশেষ ১৬ জানুয়ারি রাতে বকশীবাজার এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন রেডিও টুডের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হুদা ও সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবদুল্লাহ আল জুবায়ের। এ সময় বেসরকারি যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন আবদুল লতিফকে বেধড়ক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।
এর আগে গত ১২ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদকেরা হলেন ডেইলি স্টারের আশিক আবদুল্লাহ, আলোকিত বাংলাদেশের মামুন তুষার, দৈনিক ইত্তেফাকের কবিরুল ইসলাম, বাংলানিউজ টুয়েন্টিফোরডটকমের কবির আবরার। এ ছাড়া, বিডিনিউজটুয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মাসুম বিল্লাহ, বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক সাইফ সুজন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের একজন নারী সাংবাদিক বিশ্ববিদ্যালয় এলাকায় লাঞ্ছিত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো ব্যবস্থা না নিলে সাংবাদিক সমিতি কঠোর কর্মসূচি নেওয়ারও হুমকি দেয়।