হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনীগুলো। গত দুই মাসে দস্যুদের হাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন জেলে ও গুরুতর আহত হয়েছেন ৬৫ জন। এ সময় অপহরণ করা হয়েছে ১৪৫ জেলেকে। দস্যুরা কমপক্ষে ১১০টি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে প্রায় ১২ কোটি টাকার জাল, মাছ ও অন্যান্য মালামাল লুট করেছে। এতে প্রায় ১০ লাখ জেলে আতঙ্কিত হয়ে পড়েছেন।
আতঙ্কিত জেলেরা জানান, সম্প্রতি বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় দস্যু বাহিনীগুলো সক্রিয় হয়ে ওঠে। রাজু, শীর্ষ, জিরো নামে তিনটি বাহিনী বর্তমানে সুন্দরবন ও আশপাশের সাগর-নদীতে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি রাতে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আল রুমান নামে একটি ট্রলারে দস্যুরা হামলা চালিয়ে শাহজাহান হাওলাদার নামে এক জেলেকে হত্যা করে। আহত হন ১৫ জেলে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুন্দরবনের মাদারবাড়ী খালে এফবি কাজল ট্রলারে দস্যুরা গুলি চালালে জেলে হাফিজ জমাদ্দার নিহত হন। এতে বাবুল হাওলাদার নামে আরেক জেলে গুলিবিদ্ধ হন।
১৭ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের সোনারচর ও গাঙ্গের আইন এলাকায় ২০টি ট্রলারে হামলা চালিয়ে এফবি আবদুল্লাহ নামে একটি ট্রলারসহ ৩০ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। এ সময় প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে দস্যুরা।
এর আগে ১১ জানুয়ারি পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে নজির আলী (৪৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হন। দস্যু জিরো বাহিনীর ১০ থেকে ১২ জন সশস্ত্র সদস্য ওই নৌকায় হামলা চালায়। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনে সুন্দরবনসংলগ্ন মান্দারবাড়িয়া ও বাইজদি এলাকায় অন্তত ২০টি ট্রলারে ডাকাতি এবং ১৫ জেলেকে অপহরণ করে জলদস্যু রাজু ও শীর্ষ বাহিনীর দস্যুরা। ১২ জানুয়ারি বঙ্গোপসাগরের সোনারচর নামক এলাকায় দস্যুরা পাথরঘাটার নুরুল আমিনের মালিকানাধীন এফবি তানজিলা নামের একটি ট্রলারে হানা দিয়ে নয় জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দিয়ে ট্রলারটি নিয়ে যায়। এই নয় জেলের মধ্যে শুক্কুর আলী, নজরুল ইসলাম, আ. ছত্তার, লিটন মিয়া, মো. মাসুম হোসেন, কালু মিয়া, সিরাজ উদ্দিন ও জামাল হোসেন নিখোঁজ রয়েছেন। অপর জেলে হাবিবুরকে ১৬ জানুয়ারি সাগর থেকে অপর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। হাবিব জানান, ট্রলারটিতে জলদস্যুরা লুটপাট শেষে নয়জন জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দিয়ে ট্রলারটি নিয়ে যায়। নিখোঁজ আট জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
গত ১৩ জানুয়ারি ডাকাতদের হামলায় এফবি রানা নামের আরেকটি ট্রলার ডুবে যায়। তবে এই ট্রলারের ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। জেলেরা জানান, বর্তমানে সুন্দরবন অঞ্চলে রাজু ওরফে জাহাঙ্গীর বাহিনী, মানিক ওরফে ডাক্তার বাহিনী, শীর্ষ বাহিনী, রেজাউল বাহিনী, জিরো নামে পাঁচটি জলদস্যু বাহিনী তৎপরতা চালাচ্ছে।
গত কয়েক বছরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যুদলের প্রধান মর্তুজা, মানিক ও রাজু নিহত হওয়ার পর তাদের সেকেন্ড-ইন-কমান্ডরা নিজ নিজ বাহিনী নিয়ন্ত্রণ করছে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবনের দুবলা এলাকায় র্যাবের একটি ক্যাম্প স্থাপন করার পর দস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে ছিল। মাস দুয়েক আগে ক্যাম্পটি প্রত্যাহার করার পর দস্যুরা আবার বেপরোয়া হয়ে উঠেছে।
কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের কমান্ডার (অভিযান) আতিকুর রহমান বলেন, সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে সার্বক্ষণিক টহল ও নিয়মিত অভিযান অব্যাহত আছে। তবে গভীর সাগরে ডাকাতি হলে তখন কিছু করার থাকে না।