রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা ওষুধ পায় না। বলা হয়, ওষুধ নেই। ওষুধ না থাকলে চুরি হচ্ছে কীভাবে—জনমনে এখন এমন প্রশ্ন দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দুই মাসে ১৫ বার ওষুধ চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে ওষুধ চুরির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ চুরির ঘটনায় গত শুক্রবার সকালে আবদুর রহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রংপুর মেডিকেল কলেজসংলগ্ন আবদুর রহিমের বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়। ওষুধ চুরির অভিযোগে এর আগে তিনবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হাসপাতালের ইঞ্জেকশন, স্যালাইন ও ওষুধসহ সাবিহা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর গ্রামে। তাঁর কাছে পাওয়া ওই সব ওষুধের গায়ে লেখা ছিল—‘সরকারি ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য, বিক্রির জন্য নয়।’ সাবিহার উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, হাসপাতালের দুজন নার্স সাবিহাকে ওষুধ সরবরাহ করেছিল। ওই ঘটনায় মামলা হলেও কিছুদিন পর সাবিহা ছাড়া পেয়ে যান। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নুরুজ্জামান মিয়া নামে হাসপাতালের এক পিয়ন সরকারি ওষুধসহ পুলিশের কাছে ধরা পড়ে। কিন্তু নেতাদের চাপের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে পুলিশের বিশ্বস্ত একটি সূত্র জানায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, হাসপাতাল থেকে প্রায়ই ওষুধ চুরির ঘটনা ঘটছে। কিছু চুরির ঘটনা হাসপাতালেই মীমাংসা হয়ে যায়। নামকাওয়াস্তে কিছু মামলা হয়। তিনি এ-ও বলেন, হাসপাতালে গত দুই মাসে ১৫ বার ওষুধ চুরি ঘটনা ঘটলেও এর সবগুলোতে মামলা হয়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনিসুল করিম প্রথম আলোকে বলেন, চুরির ঘটনায় হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক রাকিবুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।