দুই মাসে ২৫০ নৌকায় ডাকাতি
গত দুই মাসে (মে-জুন) ভোলার মেঘনা নদী এবং সাগর মোহনায় প্রায় আড়াই শ নৌকায় ডাকাতি হয়েছে। অপহূত হয়েছেন আড়াই শতাধিক জেলে। বেশির ভাগ ক্ষেত্রেই জেলেরা ডাকাতির খবর গোপন রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে তাঁদের নৌকা ও অপহূত জেলেদের ছাড়িয়ে আনছেন। নদীতে নিরাপদে মাছ ধরতে জেলেরা দস্যুদের টাকা দিয়ে টোকেন নিচ্ছেন। ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলেরা বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ করলেও নদীতে ডাকাতি কমছে না।
জেলে, মৎস্য ব্যবসায়ী ও নৌকার মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই মাসে দৌলতখান উপজেলায় ৬৫টি, বোরহানউদ্দিন উপজেলায় ৩৫টি, তজুমদ্দিন উপজেলায় ৩৪টি, লালমোহন উপজেলায় ১৫টি, চরফ্যাশন উপজেলায় ৩২টি এবং মনপুরা উপজেলায় ৬১টিসহ ২৪২টি মাছধরা নৌকা মেঘনা ও সাগর মোহনায় দস্যুদের কবলে পড়েছে। দস্যুরা নৌকা ও নৌকায় থাকা মালামাল লুটের পাশাপাশি আড়াই শতাধিক জেলেকে অপহরণ করেছে। একেকজন জেলে এবং একেকটি নৌকা ছাড়িয়ে আনতে ৫০ হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হয়েছে।
গত শনিবার রাতে সাগর মোহনার চর পাতালিয়া থেকে ১২ জন জেলেসহ মাছধরা একটি নৌকা লুট করেছে জলদস্যুরা। নৌকার মালিক নূরে আলম মনপুরা উপজেলার তালতলা ঘাটে মাছ বিক্রি করেন। তিনি জানান, গত দুই মাসে তালতলা ঘাটের ১৩টি নৌকা দস্যুরা নিয়ে গেছে। দস্যুরা প্রতিটি নৌকার সঙ্গে দু-একজন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। মুক্তিপণের বিনিময়ে ওই সব নৌকা এবং জেলেদের ছাড়িয়ে আনতে হচ্ছে। তিনিও টাকার বিনিময়ে নৌকা ছাড়িয়ে আনার জন্য জলদস্যুদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন।
বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ঘাটের দস্যুদের কবলে পড়া নৌকার মালিক কবির মিয়া, সোহরাব মাঝি, দিদারমাঝি, হারুন দালাসহ কয়েকজন জেলে জানান, জলদস্যুরা এখন নৌকা লুটের চেয়ে জেলেদের অপহরণ করছে বেশি। অপহরণের শিকার জেলেদের ছাড়িয়ে আনতে তাঁদের পরিবারগুলো জমি, ঘরবাড়ি বিক্রি করছে। এমনকি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিচ্ছে। এসব জেলেকে ছাড়িয়ে না আনলে তাঁদের দস্যুবৃত্তিতে বাধ্য করা হয়।
দৌলতখানের ট্রলারমালিক আবু বকর ছিদ্দিক জানান, হাতিয়ার জলদস্যু কালাম বাহিনীর সদস্যরা গত ১৬ মে বালির চর থেকে তাঁর চারটি ট্রলারের অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে যায়। ৩৫ লাখ টাকা দিয়ে গত ১৮ জুন তাঁদের মুক্ত করা হয়। মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া মাঝের ঘাটের নৌকার মালিক আবদুর রাজ্জাক বলেন, নদীতে নামলেই দস্যু-আতঙ্কে থাকি। গত দুই মাসে তাঁদের ঘাটের ১২টি নৌকা দস্যুর কবলে পড়েছে। মুক্তিপণের টাকা দিতে গিয়ে জেলেরা নিঃস্ব হয়ে পড়ছেন।
মনপুরা উপজেলার রাম নেওয়াজ মাছঘাটের আড়তদার শাহাবুদ্দিন বলেন, আতঙ্কে দিশেহারা হয়ে জেলেরা নদীতে নিরাপদে মাছ ধরার জন্য গোপনে ১০-১৫ হাজার টাকা করে দিয়ে জলদস্যুদের কাছ থেকে টোকেন কিনছেন।
ভোলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, দস্যুরা মেঘনা ও সাগর মোহনা থেকে ভোলার জেলেদের সর্বস্ব লুট করে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। আমরা দস্যুদের ধরতে সীমানা অতিক্রম করতে পারি না। জলদস্যু নির্মূল করতে দরকার নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও চট্টগ্রামের আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান। সেটির জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দরকার।