দুই মাসেই সংযোগ সড়কে ধস

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী নদীর ওপর নির্মিত টিয়াখালী-লোন্দা সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। দুই মাস আগে সাধারণের চলাচলের জন্য এ সেতুটি খুলে দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা সদরের সঙ্গে চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের বাসিন্দাদের সড়ক যোগাযোগের পথ সহজ করতে এ সেতুটি নির্মাণ করা হয়। গত জানুয়ারি মাসে এর নির্মাণকাজ শেষ হয়। এর ফলে চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী, শিক্ষকসহ অন্তত ৩০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সেতুটির পূর্ব পাশের ধানখালী ইউনিয়নের মূল সড়কের সঙ্গে সংযোগ সড়কটির দক্ষিণ পাশ ধসে গেছে। সংযোগ সড়কের স্লোপের ব্লকসহ নিচের অংশও দেবে গেছে। সড়কের পাশের মাটি সরে যাওয়ায় এমনটি হয়েছে। এ অংশের উত্তর পাশের অবস্থাও ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সেতুটির পশ্চিম পাশের সংযোগ সড়কের দক্ষিণ দিকের কিছু অংশ ধসে পড়েছে। সংযোগ সড়কে যে মাটি দেওয়া হয়েছিল, গত কয়েক দিনের প্রবল বর্ষণে তা সরে যাওয়ায় ধসের ব্যাপকতা বাড়ছে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম প্যাদা বলেন, ১৫ দিন ধরে সংযোগ সড়ক ভেঙে নেমে যাচ্ছে। প্রবল বর্ষণের কারণে ভেঙে পড়ার মাত্রাও বেড়েছে।
আরেক বাসিন্দা আবদুল লতিফ বলেন, সংযোগ সড়কটি অতিরিক্ত উচ্চতা দিয়ে তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে আরও ঢাল দেওয়ার দরকার ছিল। তাহলে হয়তো বর্ষার পানির চাপে এভাবে ধসে পড়ত না। জরুরি ভিত্তিতে ধসে পড়া সংযোগ সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া না হলে কলাপাড়া উপজেলা সদরের সঙ্গে চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের জনসাধারণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী ও বরগুনা জেলা (২য় পর্যায়) ইউনিয়ন কানেকটিং সড়ক শীর্ষক প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টিয়াখালী নদীর ওপর ১৭৫ মিটার দীর্ঘ, ফুটপাতসহ ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের এ সেতুটি নির্মাণ করেছে। এ সেতুর দুই প্রান্তে ৪৬৬ মিটার সংযোগ সড়ক রয়েছে। ৫টি স্প্যানের ওপর নির্মিত সেতুর জন্য ব্যয় হয় ১৮ কোটি ৪৫ লাখ টাকা। শুধু সেতুর জন্য ব্যয় হয় ১৩ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৭১০ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. আবদুল মান্নান বলেন, প্রবল বর্ষণের কারণে এমন সমস্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত সংযোগ সড়কের দ্রুত মেরামত করে দেওয়া হবে। সংযোগ সড়কটি অতিরিক্ত উচ্চতায় কেন তৈরি করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই প্রান্তের সংযোগ সড়কের জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন ছিল, তা না থাকায় অল্প জায়গার মধ্যে সংযোগ সড়ক করতে হয়েছে। এ কারণে সংযোগ সড়ক কিছুটা উঁচু হয়েছে। তবে এটা কোনো সমস্যা নয় বলে তিনি জোর দিয়ে বলেন।