দুই মাসেও খুনিরা চিহ্নিত হয়নি, হতাশ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত বিজয়
অনন্ত বিজয়

দুই মাসেও সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার কোনো কুল-কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ধর্মীয় উগ্রপন্থীরা জড়িত বলে সন্দেহ করা হলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা।
এদিকে এ ঘটনায় ইদ্রিস আলী (২৪) নামের স্থানীয় একজন আলোকচিত্র সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ৭ জুন গ্রেপ্তার করে সিআইডি। তিনি দৈনিক সংবাদ ও দৈনিক সবুজ সিলেট-এ কাজ করেন। তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মেলেনি।
ইদ্রিসের বাবা মো. ইলিয়াস আলী সিলেট মহানগরের বিমানবন্দর থানা বিএনপির সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলেকে ভুয়া অভিযোগে ও ভুল সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছেলের মুক্তি দাবি করেন।
এ বিষয়ে মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার মীর্জা আবদুল্লাহ হেল বাকী প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদ্রিস কিছু তথ্য দিয়েছিলেন। এতে আমরা বিভ্রান্তও হয়েছিলাম। পরবর্তীকালে দেখা গেছে এগুলো মিথ্যা। পরে জিজ্ঞাসাবাদে ইদ্রিস বলেছেন যে ভয়ে তিনি মিথ্যা কথা বলেছেন।’ এই কর্মকর্তা দাবি করেন, ইদ্রিসের দেওয়া কিছু তথ্যের সূত্র ধরে তাঁরা কাজ করছেন।
ঢাকায় অভিজিৎ হত্যা মামলার তদন্ত করতে গিয়ে সিলেটের এ ঘটনারও ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাঁরা এ দুটি হত্যায়ই আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহ করছেন। ইতিমধ্যে অভিজিৎ হত্যায় সাতজনকে শনাক্তও করেছেন। তবে আলোকচিত্রী ইদ্রিসের বিরুদ্ধে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, বিজ্ঞান নিয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ হত্যা করেছে।
মামলাটির তদন্তভার সিলেট পুলিশ থেকে সিআইডিতে স্থানান্তরিত হয়েছে ২৫ মে। তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সিআইডির বিশেষ সুপার মীর্জ আবদুল্লাহ হেল বাকী প্রথম আলোকে বলেন, ‘এই হত্যায় জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তেমন কোনো অগ্রগতি নেই। তবে আমরা কাজ করছি, কিছু ক্লু পেয়েছি, সে অনুযায়ী অনুসন্ধান চলছে।’
এদিকে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও খুনিরা শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় হতাশ অনন্ত বিজয় দাশের পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বলেন, ‘আমরা চাই পুলিশ দ্রুত প্রকৃত ঘটনা বের করে খুনিদের গ্রেপ্তার করুক।’
পেশায় ব্যাংকার অনন্ত বিজয় দাশ (৩২) মুক্তমনা ব্লগ ও সামহয়্যার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। তিনি যুক্তি নামের বিজ্ঞানবিষয়ক একটি ছোট কাগজ সম্পাদনা করতেন।