দুই মাসেও গ্রেপ্তার হয়নি মূল পরিকল্পনাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় কয়েক দিন আগে প্রধান আসামি জামিনে মুক্তি পান।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দাবি করেন, এই হত্যা মামলার যথেষ্ট অগ্রগতি রয়েছে।
তিনি বলেন, ওই মামলায় প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরীসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ হত্যায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র, একটি রামদা, একটি ছোরা, দুটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে।
আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, একরামুল হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির, ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম এবং স্থানীয় যুবলীগকর্মী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘রুটি’ সোহেলসহ আরও কয়েকজন।
পুলিশ এখনো পর্যন্ত তাঁদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
এতে হতাশা প্রকাশ করেছেন একরামুলের ভাই রেজাউল হক। তিনি গত শনিবার প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘দলীয় নেতারা একরামুলের কবরে ফুল দিয়েই তাঁদের দায়িত্ব শেষ করেছেন। গত দুই মাসে তাঁরা একরামুলের স্ত্রী-সন্তানদের খবর রাখার প্রয়োজনও বোধ করেননি।
মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ৫০ দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন। মামলার ভবিষ্যৎ নিয়ে তিনি (রেজাউল) চিন্তিত।’
ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ বলেন, মামলার তদন্তে এবং ১৬৪ ধারায় আসামিদের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে যাদের সম্পৃক্ত থাকার কথা জানা গেছে, তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
পলাতক ওই আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ২০ মে চেয়ারম্যান একরামুল ফেনী থেকে ফুলগাজী যাচ্ছিলেন।
জেলা শহরের একাডেমি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
ওই দিন রাতেই একরামুলের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি বাদে অন্য সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।