দুই মাসেও দরপত্র মূল্যায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩০ কোটি টাকার কাজের দরপত্রের মূল্যায়ন দুই মাসেও শেষ হয়নি। গণখাতে ক্রয়বিধিমালা অনুযায়ী, দরপত্র গ্রহণের দুই সপ্তাহের মধ্যে মূল্যায়ন শেষ করে কার্যাদেশ দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। দরপত্রে অংশ নেওয়া কয়েকজন ঠিকাদার প্রথম আলোকে বলেন, এ বিলম্বের কারণে প্রকল্প বাস্তবায়ন করাই কঠিন হতে পারে। কারণ, সিলেট অঞ্চলে সাধারণত এপ্রিল থেকে বর্ষাকাল শুরু হয়। অকালবন্যা বা আকস্মিক বন্যা পরিস্থিতিতে নিচু এলাকায় পাউবোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন তখন ঝুঁকির মুখে পড়ে। এ ব্যাপারটি পুঁজি করে অন্য ফায়দা হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে বলে পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোর কাছে মন্তব্য করেছেন।সংশ্লিষ্ট ঠিকাদার ও পাউবোর সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরে ৩০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩২টি প্যাকেজের দরপত্র গ্রহণ করা হয় গত বছরের ৪ নভেম্বর। গণখাতে ক্রয়বিধিমালা অনুযায়ী, দরপত্র গ্রহণের দুই সপ্তাহের মধ্যে মূল্যায়ন করে যথারীতি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার কথা ছিল। ঢাকায় পাউবোর একটি সূত্রে জানা গেছে, দরপত্র গ্রহণের পরপরই মূল্যায়নের জন্য প্রথমে ১৫ নভেম্বর একটি সভা আহ্বান করা হয়েছিল। ঢাকায় আহ্বান করা এ সভার বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারদের দরপত্র কমিটির পক্ষ থেকে অবহিত করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখের দুই দিন আগে ওই সভা বাতিল করা হয়। পরে আরও কয়েকটি তারিখ নির্ধারণ করেও মূল্যায়ন সভা হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের মূল্যায়ন বিষয়টি দরপত্র কমিটির সভাপতি হিসেবে সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হক তদারক করছেন। মূল্যায়ন সভা আহ্বানের জন্য দরপত্র বিধি অনুযায়ী পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কেবল অনুমোদন নিতে হয়।মূল্যায়ন ঝুলে থাকার বিষয়ে জানতে সিলেট পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আহসান আলীর কার্যালয়ে গেলে তাঁর দপ্তর থেকে জানানো হয়, তিনি ঢাকায় অবস্থান করছেন। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ওই বিষয়ে প্রকল্পের দরপত্র কমিটির সভাপতি হিসেবে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।গত বৃহস্পতিবার দুপুরে নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হকের কার্যালয়ে গেলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে দাপ্তরিক সূত্র জানায়। বিকেলে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে এমন কোনো প্রকল্পের দরপত্র মূল্যায়নের বিষয়টি আটকে থাকার ব্যাপারটি জানা নেই বলে দাবি করেন। তাঁকে প্রকল্পের বিষয়টি অবহিত করলে পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ সপ্তাহেই হয়ে যাবে।’ এত দিনে হলো না কেন—এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বিষয়টি আমার একার নয়, দরপত্র কমিটি মূল্যায়ন করতে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে।