নানা আনন্দ আর মজা করে গত ঈদুল ফিতরের দিনটি কাটিয়েছিল শিশু আরাফাত। কিন্তু এবারের কোরবানির ঈদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাবা-মায়ের আদরের সন্তান আরাফাত নেই। প্রায় দুই মাস আগে অপহরণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে। এরপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আরাফাতের বাবা-মায়ের চোখে এখন শুধু কান্না। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস হয়ে এলেও এখন পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদনও দেওয়া হয়নি।
আরাফাত শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে গৃদানারায়ণপুর এলাকার আসবাবপত্র ব্যবসায়ী মো. শহিদুল ইসলামের ছেলে। গত শুক্রবার ঈদের দিন বিকেলে শহরের গৃদানারায়ণপুর এলাকায় আরাফাতের বাবার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে সুনসান নীরবতা। ঈদের আমেজ নেই। মা রিনা বেগম শোকে মুহ্যমান। ঘরে চুলা জ্বলেনি। প্রতিবেশী স্বজন জান্নাতুন নাহার রিনার মুখে সামান্য ভাত তুলে দিয়েছেন।
কেমন আছে জানতে চাইলে রিনা বলেন, ‘আমার সোনা নাই, কেমনে ভালো থাকি? কী ধোঁকা দিয়াই না ওরা আমার ছেলেটারে নিয়া গেল। ওরা আমার বাবারে বাঁচতে দিল না। ওরা কী যন্ত্রণা দিয়া আমার বাবারে মাইরা ফালাইছে। আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই।’
চোখের জল মুছতে মুছতে বাবা শহিদুল বলেন, ‘শুনেছি এখনো হাসপাতাল থেকে পুলিশের নিকট ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয় নাই। তাই বিচারকাজ শুরু করতে দেরি হচ্ছে। এতে হতাশা লাগছে। আমার ছেলের খুনিদের বিচার দ্রুত শুরু হোক, ওদের ফাঁসি হোক—এটাই আমার দাবি। আমার মতো যেন আর কোনো বাবা-মার কোল খালি না হয়, সেটাই আমি চাই।’
জাতীয় মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার সভাপতি রাশিয়া সামাদ শিশু আরাফাত হত্যা মামলাটির বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। গত ২ আগস্ট বিকেলে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে চার যুবক মুক্তিপণের দাবিতে আরাফাত ইসলাম ওরফে রাহাতকে অপহরণ করে। মুক্তিপণের টাকা না পেয়ে আরাফাতের খালু লতিফের পরামর্শ অনুযায়ী অপহরণকারী আসলাম ওই দিনই তাকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে লাশ গারো পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। ৮ আগস্ট শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বুরুঙ্গা পাহাড়ের চূড়া থেকে পুলিশ আরাফাতের গলিত লাশ ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, আরাফাতের লাশ গলিত ছিল এবং হাড়গোড় পাওয়া গিয়েছিল। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভিসেরা ও ডিএনএ পরীক্ষা করতে তার শরীরের কিছু অংশ ঢাকায় পাঠানো হয়েছিল। গত মঙ্গলবার এসব পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শিগগিরই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পুলিশের কাছে দেওয়া হবে বলে তিনি জানান।
সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, আরাফাতকে হত্যার ঘটনায় তার বাবা শহিদুল ইসলাম শেরপুর সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মো. আবদুল লতিফ (২২) ও রবিন (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামের মো. আসলাম (২২) ও নালিতাবাড়ীর নন্নী গ্রামের মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে লতিফ আরাফাতের খালু। তাঁরা সবাই শেরপুর জেলা কারাগারে আটক আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ বলেন, মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছে। চার আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।