চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও পটুয়াখালী জেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকার অভয়াশ্রমের শেষ দিন ছিল গতকাল শনিবার। দুই মাস পর আজ রোববার থেকে নিষিদ্ধ কারেন্ট জাল ছাড়া সব ধরনের জাল দিয়ে নদীতে মাছ ধরতে পারবেন জেলেরা। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছেন তাঁরা।এদিকে জেলেদের পুনর্বাসনে উপকরণ-সহায়তা দিতে সরকার অর্থ বরাদ্দ দিলেও এখনো তা পাননি তাঁরা।মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশের জাটকা সংরক্ষণের জন্য সরকার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তিনটি অঞ্চলে প্রতিবছরের মার্চ ও এপ্রিল মাস অভয়াশ্রম ঘোষণা করে। অঞ্চলগুলো হলো: চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার এবং পটুয়াখালীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা। ওই সব এলাকায় মার্চ ও এপ্রিল মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ছিল। এতে নদী অঞ্চলের হাজার হাজার জেলে বেকার হয়ে পড়েন।চাঁদপুর, লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও কমলনগরের জেলেপল্লি ও মাছঘাট ঘুরে দেখা গেছে, অভয়াশ্রমের সময় শেষ হয়ে আসায় কয়েক দিন ধরে জেলেরা ইলিশ, পাঙাশ, আইড়সহ বিভিন্ন মাছ ধরার জাল ও নৌকা মেরামত করছেন। সরগরম হয়ে উঠছে মাছঘাটগুলো।রামগতির সেন্টার খালঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আফসার উদ্দিন আশা করছেন, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম সফল হওয়ায় এ বছর জেলেরা প্রচুর মাছ পাবেন। তিনি জানান, জেলেদের সঙ্গে সঙ্গে নদীর দুর্গম চর এলাকায় জলদস্যুরাও প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই জলদস্যুরা মাছ ব্যবসায়ী আড়তদারদের কাছে চাঁদা দাবি করছে। তাঁর আশঙ্কা, প্রচুর মাছ পাওয়া গেলেও জলদস্যুদের হামলায় জেলেরা তা নিয়ে নিরাপদে ঘাটে ফিরতে পারবেন না। তিনি নদীতে পুলিশ ও কোস্টগার্ডের টহল বাড়ানোর দাবি করেন। দুই মাস মাছ ধরতে না পারা ক্ষতিগ্রস্ত জেলেদের সরকার মাসে ২০ কেজি হারে চার মাস (ফেব্রুয়ারি থেকে মে) চাল দেওয়ার কর্মসূচি নেয়। জেলেরা এ চাল পেয়েছেন। কিন্তু দুস্থ জেলে পরিবারের পুনর্বাসনে রিকশা-ভ্যান, সেলাই মেশিন, গরু-ছাগলসহ বিভিন্ন উপকরণ-সহায়তা দিতে সরকার অর্থ বরাদ্দ দিলেও এখনো চাঁদপুর জেলা, লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুর উপজেলার জেলেরা কোনো পুনর্বাসন-সহায়তা পাননি। রায়পুরের খাসের হাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারি বলেন, মাছ ধরা বন্ধের সময় এক টাকা সহযোগিতা পেলেও জেলেদের ভীষণ উপকার হয়। কিন্তু দুই মাস শেষ হলেও জেলেরা কোনো পুনর্বাসন-সহায়তা পাননি। এ ব্যাপারে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেল্লাল হোসেন পাটওয়ারী জানান, ২৪৫ জেলে পরিবারকে পুনর্বাসন-সহায়তার জন্য তালিকা তৈরির কাজ চলছে। ২০/২২ মে এ সহায়তা দেওয়া যেতে পারে।চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, দুস্থ জেলে পরিবারের তালিকা অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। আগামী সপ্তাহের শেষ দিকে পুনর্বাসনের উপকরণ দেওয়া হবে।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন জানান, উপজেলার ৭৬৫ জেলে পরিবারকে পুনর্বাসনের জন্য ৫৯ লাখ ৮০ হাজার টাকায় রিকশা-ভ্যান, সেলাই মেশিন, গরু-ছাগল বিতরণ করতে দরপত্র আহ্বান করা হয়েছে। সেই সঙ্গে তালিকা তৈরির কাজও চলছে। খুব শিগগির পুনর্বাসন-উপকরণ দেওয়া হবে।