দুই মাসেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার আলোচিত সেই বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা দুটি মামলার নয় আসামির কাউকে পুলিশ দুই মাসেও গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া তিন দফা সময় নিলেও পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেনি।
আদালত সূত্র জানায়, লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু৵নাল অভিযোগপত্র জমা দেওয়ার জন্য পুলিশকে ১৬ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১৬ অক্টোবর তিনটি তারিখ দেন। কিন্তু পুলিশ অভিযোগপত্র দাখিল করেনি। পরে আদালত ৩ নভেম্বর অভিযোগপত্র দাখিলের সর্বশেষ সময় বেঁধে দিয়েছেন।
এ ব্যাপারে বাল্যবিবাহের শিকার ছাত্রীর বাবা অভিযোগ করেন, ‘আসামিরা সবাই গ্রামেই আছে, পুলিশ তাদের ধরছে না। বরং আসামিরা আমাদের মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, মামলা দুটির তদন্ত চলছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আসামিদের ধরতে একাধিকবার উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়ার চর গ্রামে পুলিশ অভিযান চালায়। কিন্তু আসামিরা পালিয়ে থাকায় কাউকে ধরা যায়নি।
উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম (৩২) জোর করে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী এক ছাত্রীকে ২৬ জুন নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে। এ সময় আব্দুর রহিমের বয়স কমিয়ে ২৫ এবং ওই ছাত্রীর বয়স বাড়িয়ে ১৮ দেখানো হয়। রহিমের আগের পক্ষের স্ত্রী এবং দুটো সন্তান রয়েছে। আব্দুর রহিম খারুয়ারচর গ্রামের আবদুল মালেকের ছেলে।
এ ব্যাপারে গত ১১ আগস্ট প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর লালমনিরহাটের জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশ বিভাগ ও প্রাথমিক শিক্ষা বিভাগে এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ওই দিন রাতেই মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান সদর থানায় বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রহিমসহ দুজনকে আসামি করা হয়।
এ মামলার পর আব্দুর রহিম ওই ছাত্রীর সঙ্গে তার বিয়ের এফিডেভিট বাতিল করেন। কিন্তু আব্দুর রহিম ওই ছাত্রীকে তার স্বজনের কাছে হস্তান্তর না করে অবৈধ ও অনৈতিকভাবে তাকে আরও এক সপ্তাহ অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে ১৬ আগস্ট রাতে একটি বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর ১৭ আগস্ট রাতে ওই ছাত্রীর বাবা লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা করেন। এ মামলায় আব্দুর রহিম, তার বাবা আবদুল মালেক এবং বিয়ে পড়ানোর জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের আনোয়ার মুন্সিসহ নয়জনকে আসামি করা হয়।
নিরাপত্তার কারণে ওই ছাত্রী নিজের বাড়িতে বসেই বিশেষ ব্যবস্থায় বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেয়। এ নিয়ে ২৪ আগস্ট প্রথম আলোয় ‘সেই ছাত্রী পরীক্ষা দিল বাড়িতে’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়।