দুই মাসেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে শূন্য আসনে মেধাক্রম লঙ্ঘন করে ভর্তির অভিযোগে গঠিত তদন্ত কমিটি দুই মাসেও প্রতিবেদন দেয়নি। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে দুই ছাত্রীর শিক্ষাজীবন। এ পরিস্থিতিতে ১ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেছেন এক শিক্ষার্থী।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষায় একটি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের ২২ জুন বিভাগ থেকে ফরম সংগ্রহ করতে বলা হয়। নিয়ম হলো অপেক্ষমাণ তালিকায় এগিয়ে থাকা শিক্ষার্থী যদি ওই দিন দুপুর ১২টার মধ্যে ফরম সংগ্রহ না করেন, তাহলে পরের ফরম দেওয়া যাবে। কিন্তু দুপুর ১২টার আগেই অপেক্ষমাণ তালিকার ১৪ নম্বরে থাকা শিক্ষার্থী তানজীন আরাকে ডিঙিয়ে তালিকার ১৭ নম্বরে থাকা মুশফিকাতুন ইফফাতকে ফরম দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে গত ৩০ জুন একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি শেখ মো. মনজুরুল হককে প্রধান করে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও কমিটি এখন পর্যন্ত তা জমা দেয়নি। ফলে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি-প্রক্রিয়া শুরু হয়ে গেলেও এ দুজন ছাত্রীর ভর্তি প্রক্রিয়া এখনো নিশ্চিত নয়।
মুশফিকাতুনের বাবা আবদুল মজিদ বলেন, ‘আমার মেয়ে ভর্তি হতে পারবে কি, পারবে না এটাও জানি না। আরেকটা ভর্তি পরীক্ষার সময় চলে এসেছে। এ অবস্থায় এ বছর সে পরীক্ষার প্রস্তুতিও নিতে পারছে না।’
এ অবস্থায় ১ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেন মুশফিকাতুন। ৪ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (আইন) মো. মাহতাব-উজ-জাহিদ জানান, হাইকোর্ট ৮ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলেছেন।
এদিকে প্রতিবেদনের বিষয়ে জানতে শেখ মো. মনজুরুল হকের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কমিটির সদস্য আল মাসুদ হাসানউজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।’