দুই মাসেও বাঁধ সংস্কার হয়নি, ফসল নষ্টের শঙ্কা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার প্রায় দুই মাসেও তা সংস্কার করা হয়নি।
আবার পাহাড়ি ঢল নামলে ওই অংশ দিয়ে পানি ঢুকে আড়াই হাজার একর জমির আমন নষ্ট হবে বলে আশঙ্কা করা হয়েছে। এ নিয়ে উপজেলার ৩০টি গ্রামের প্রায় দুই হাজার কৃষক চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার প্রায় ৫৬ হাজার ৯৩ একর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৩৯ হাজার ২৯০ একর জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছে।
গত ৭ জুলাই পাহাড়ি ঢলে ভোগাই নদীর খালভাঙ্গা, মরিচপুরান, কোন্নগর এলাকায় ৫০০ ও চেল্লাখালী নদীর দক্ষিণ সন্নাসিভিটা এলাকার ১৫০ মিটার তীর রক্ষা বাঁধ ভেঙে যায়। এ সময় বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকে নালিতাবাড়ী, মরিচপুরার ইউনিয়নের ৩০টি গ্রামে প্রায় দুই হাজার ৫০০ একর জমির আমন ক্ষতিগ্রস্ত হয়। কৃষকেরা জানান, এখনো বাঁধ সংস্কার না করায় পাহাড়ি ঢল নামলে দুই হাজার ৫০০ একর জমির আমন রক্ষা করা সম্ভব হবে না। এ কারণে আমন বাঁচাতে দ্রুত বাঁধ সংস্কার করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ ইকবাল জানান, পাহাড়ি ঢলে আমন আবাদের বড় ধরনের ক্ষতি হয়নি। পানি নেমে যাওয়ায় কৃষকেরা পুনরায় চারা রোপণের কাজ করছেন। বাঁধ সংস্কার না করায় আবারও পাহাড়ি ঢল এলে আমন ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান জানান, নদীভাঙনের বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।