দুই মাসেও সেতুটি মেরামত হয়নি
দুই মাসেও জয়পুরহাটের আক্কেলপুরের নবাবগঞ্জ সেতুটি মেরামত করা হয়নি। পাটাতন ভেঙে যাওয়ার পর দেওয়াল তুলে সেতু বন্ধ করে দেওয়ায় আক্কেলপুরের সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আর ক্ষেতলাল, দুপচাঁচিয়া ও আক্কেলপুর থেকে জয়পুরহাট সদরে যাতায়াতের একমাত্র এই সেতু বন্ধ থাকায় এ তিনটি উপজেলার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সেতু বন্ধ থাকায় কাঁচামালের জন্য প্রসিদ্ধ সদরের কলেজ হাটে ব্যাপারিদের সমাগম কমে গেছে। ফলে কৃষকেরা ফসলের নায্য মূল্যে পাচ্ছে না। জানা গেছে, গত ১৭ নভেম্বর রাতে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর সদরে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ সেতুর পাটাতন ভেঙে যায়। এরপর সড়ক ও জনপথ বিভাগ সেতুর দুই পাশে ইটের দেওয়াল তুলে তা বন্ধ করে দেয়। এরপর থেকে আক্কেলপুরের সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভানুর কান্দা গ্রামের কৃষক আবদুস ছাত্তার বলেন, ‘বিরিজ বন্ধ হচে তাতে বড়লোকের কিচুই ক্ষতি হবে না। খ্যালি মরোচি হামরা কৃষকেরা।’ জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক স্বপন চৌধুরী বলেন, দুই মাস ধরে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় একদিকে বাস মালিক পক্ষ ক্ষতির মুখে পড়েছে, অন্যদিকে লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, সেতুটি বন্ধ থাকায় সরাসরি ট্রাক না আসার কারণে এলাকার কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, নতুন সেতু নির্মাণ দীর্ঘ সময়ের ব্যাপার। আপাতত তুলসীগঙ্গা নদীতে বেইলি সেতুর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর, জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া জানান, নবাবগঞ্জ সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর দুই পাশে দেওয়াল তুলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন সেতু নির্মাণে দীর্ঘ সময়ের প্রয়োজন। শিগগিরই সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করা হবে।