দুই মাসেও ১২ পুলিশসহ ১৯ আসামি গ্রেপ্তার হয়নি
নাটোরে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আদালত দুই মাস আগে ১২ পুলিশসহ ১৯ জন আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলেন ৭ জুলাইয়ের মধ্যে। কিন্তু জেলার সিংড়া থানার পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত আদালতের কোনো নির্দেশই পালন করতে পারেনি। তাদের দাবি, তারা গ্রেপ্তারি পরোয়ানা হাতেই পায়নি।২০০৮ সালের ২৬ জুলাই সিংড়া থানার পুলিশ উপজেলার কাকিয়ানের জঙ্গলে ‘ক্রসফায়ারের’ নামে আনছার আলী নামের এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগ ওঠে। পরে এ নিয়ে নিহত আনছারের বাবা আদালতে মামলা করলে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্তে প্রাথমিকভাবে হত্যার ঘটনাটি প্রমাণিত হয়।১০ মে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান হত্যার অভিযোগে সিংড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ পুলিশের ১২ সদস্য ও সাত সহযোগীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ নিয়ে ১৩ মে প্রথম আলোর প্রথম পাতায় প্রধান খবর প্রকাশিত হয়।মামলার বাদী পক্ষের আইনজীবী জহির আজাদ প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের পরোয়ানা যথাসময়ে আদালতের মাধ্যমে সিংড়া থানার পুলিশের কাছে পাঠানো হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পেরেছে কি না, এ বিষয়ে আদালতকে জানাতে গত বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু সিংড়া থানার পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তারও করেনি, প্রতিবেদনও দাখিল করেনি।এদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে কনস্টেবল মফিজ উদ্দিন ও কনস্টেবল ওয়াদিদ হোসেন এখনো সিংড়া থানায় দায়িত্ব পালন করছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের ব্যাপারেও কোনো আইনানুগ ব্যবস্থা নেননি।সিংড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোর কাছে দাবি করেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আসেনি। শুনেছি আসামিরা হাইকোর্ট থেকে জামিনে আছেন। এর বেশি কিছু বলতে পারব না।’