দুই মাসেও ৩২ ইউনিয়নের জেলেরা চাল পাননি
মার্চ-এপ্রিল দুই মাস চলে গেলেও ভোলার ৩২ ইউনিয়ন ও পৌরসভার জেলেরা তাঁদের জন্য বরাদ্দ করা চাল পাননি। নানা ঠুনকো অজুহাতে চেয়ারম্যানরা এখনো চাল বিতরণ করেননি। ইতিমধ্যে চালের দাবিতে জেলেরা ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অনন্ত কুমার বিশ্বাস বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ডিও লেটার (ছাড়পত্র) পাওয়ায় পরে উপজেলা খাদ্য কর্মকর্তাদের চাল সরবরাহ করার নির্দেশ দিয়েছি। কিন্তু চেয়ারম্যানরা নিতে বিলম্ব করছেন।’ একই ধরনের কথা বলেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, চেয়ারম্যানদের প্রতি মাসের চাল প্রতি মাসেই নেওয়ার কথা।
ভোলা জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, জাটকাসহ অন্যান্য মাছের রেণু পোনা রক্ষার জন্য বছরের আট মাস (নভেম্বর-জুন) জাটকা সংরক্ষণ মৌসুম ধরা হয়েছে। এর মধ্যে মার্চ-এপ্রিল এই দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার জলসীমায় জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ভোলার লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। এর মধ্যে মৎস্যসম্পদ অধিদপ্তর ত্রাণ বিভাগকে ভোলার ৫২ হাজার ১৫০ জন অসহায় জেলের পরিবারকে ভিজিএফের মাধ্যমে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে (মার্চ-জুন) ১৬০ কেজি চাল দেওয়ার নির্দেশ দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলার ৬৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার জেলেরা চাল পাবেন। এর মধ্যে ভোলা সদর উপজেলার চারটি, বোরহানউদ্দিনের সাতটি, দৌলতখানের ছয়টি, লালমোহনের তিনটি, তজুমদ্দিনের একটি ও চরফ্যাশন উপজেলার ১১টি ইউনিয়নসহ ৩২টি ইউনিয়নের জেলেরা এখনো চাল পাননি।
নাম প্রকাশ না করার শর্তে এক খাদ্য কর্মকর্তা বলেন, বিগত সময়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধি ও সচিবেরা জেলেদের কয়েক মাসের চাল একসঙ্গে তোলেন। এরপর কিছু চাল বিক্রি করেন। তখন চাল বাইরে বিক্রি করতে সুবিধা।
জেলেদের অভিযোগ, যেসব ইউনিয়নে চাল দেওয়া হয়েছে, সেখানে সব জেলে চাল পাননি। যাঁরা পেয়েছেন তারা কম পেয়েছেন।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, প্রায় আট মাস ২০ দিন জেলেরা নদীতে মাছ ধরেন না। এ সময় সরকার বেকার জেলেদের জন্য চাল বরাদ্দ করেছে। সেই চাল বিতরণে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ক্ষমতাসীন নেতারা টালবাহানা করছেন। মাসের চাল মাসে না দিয়ে দু-তিন মাসের পরে দিচ্ছেন।
কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভোলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, পেটের দায়ে জেলেরা চালের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করেছেন, তারপরও যথাসময়ে তাঁরা চাল পাচ্ছেন না।
জেলেরা বলেন, গত ১২ বছরেও চেয়ারম্যান ও সচিবেরা প্রকৃত জেলের তালিকা প্রণয়ন করতে পারেননি। সদর উপজেলার জেলে সভাপতি এরশাদ আলী বলেন, ইউপি চেয়ারম্যান-সদস্যরা অন্য পেশার লোকদের চাল দিচ্ছেন। এ নিয়ে জেলেরা বিক্ষোভ করেছেন।
জেলে নেতারা বলেন, প্রতি জেলেকে ৬০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা দিতে হবে। নইলে জেলের সংসার চলে না।
সদর উপজেলার রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক বলেন, নভেম্বর থেকেই সরকারের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া উচিত ছিল। তাহলে মার্চের প্রথম দিকে জেলেদের ঘরে চাল পৌঁছে দেওয়া সম্ভব ছিল। একই বক্তব্য দেন দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছিরউদ্দিনসহ একাধিক ইউপি চেয়ারম্যান।
অন্যরা খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছেন।