সরকারি নীতিমালা অগ্রাহ্য করে শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তিনটি উচ্চবিদ্যালয়ের ১৪ জন শিক্ষককে আগামী দুই মাসের জন্য পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কোচিং-বাণিজ্য বন্ধে গঠিত তদারকি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনও কার্যালয় সূত্র জানায়, কোচিং বন্ধে ইউএনও গত বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি বিদ্যালয়ে যান। এ সময় সরকারি নিয়ম লঙ্ঘন করে কোচিং করানোর অভিযোগে নারায়ণপুর পপুলার উচ্চবিদ্যালয় ও মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৪জন শিক্ষককে সর্তক করেন। সোমবার এসব শিক্ষক ইউএনওর কার্যালয়ে হাজির হন এবং নিজ অবস্থান থেকে তদারকি কমিটির কাছে ব্যাখ্যা দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদারকি কমিটির সদস্যসচিব নাজিম উদ্দিন বলেন, ওই শিক্ষকেরা কমিটিকে বলেছেন, তাঁরা আগামীতে নিয়ম লঙ্ঘন করে আর শিক্ষার্থীদের কোচিং করাবেন না। এসব শিক্ষককে দুই মাসের পর্যবেক্ষণে রাখা হবে।