দুই মাসের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করবে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী দুই মাসের মধ্যে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা ছিল। আমি মন্ত্রী থাকা অবস্থায় এ বিষয়ে কাজ শুরু হয়। কিন্তু নানা সমস্যার কারণে চালু করা সম্ভব হয়নি। এখন বিমান বলছে, দুই মাসের মধ্যে চালু হবে।’ তিনি বলেন, মূলত ছোট উড়োজাহাজ না পাওয়ায় অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালু করা যাচ্ছে না। সংসদীয় কমিটি বিমানকে কিনে হোক বা ভাড়া নিয়ে হোক, ছোট উড়োজাহাজ সংগ্রহ করতে বলেছে।
সংসদীয় কমিটি সূত্র জানায়, ২০১১ সালে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ গন্তব্য হিসেবে চট্টগ্রাম ও সিলেটে যাত্রী আনা-নেওয়া করা হয়।
কোনো ধরনের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে ঢাকা-ফ্রাঙ্কফুর্ট গন্তব্যে ফ্লাইট চালু করা এবং এ খাতে বিপুল লোকসানের জন্য বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিলকে দায়ী করে গতকালের বৈঠকে প্রতিবেদন দিয়েছে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে কমিটি তা আমলে নেয়নি।
এ বিষয়ে ফারুক খান বলেন, বিমানের এ বক্তব্য দুঃখজনক। একটি গন্তব্যের জন্য একজন কর্মকর্তা দায়ী থাকতে পারেন না। এ দায় পুরো সংস্থার।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিমানের কর্মকর্তারা কমিটিকে জানান, সাত বছর বন্ধ থাকার পর গত ৩১ মার্চ থেকে রোম হয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফ্লাইট চালু করে বিমান। এই পথে সপ্তাহে দুটি করে ফ্লাইট চলছে। চালু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে এই গন্তব্যে ৭০ লাখ টাকা করে লোকসান দিচ্ছে বিমান। এ হিসাবে গত ২১ সপ্তাহে এই রুটে ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ টাকা।
ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ তাজুল ইসলাম চৌধুরী, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান ও আফতাব উদ্দীন সরকার অংশ নেন।