দুই মাসের মধ্যে জাহাজ ভাঙা সংক্রান্ত বিধিমালা করতে হাইকোর্টের নির্দেশ
দুই মাসের মধ্যে জাহাজ ভাঙা-সংক্রান্ত বিধিমালা প্রণয়ন ও গেজেট জারি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদেশে বিধিমালাটি পর্যালোচনা, এর বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে ইয়ার্ডগুলো পরিদর্শন করতে ইতিমধ্যে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির কাজের গতিপ্রকৃতি প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জাহাজ ভাঙার উদ্দেশ্যে বাংলাদেশে আমদানি করা জাহাজের সংখ্যা এবং অনুপ্রবেশের আগে দেশের সীমারেখায় জাহাজগুলোর বর্জ্যমুক্তকরণ (প্রি-ক্লিনিং) কীভাবে নিশ্চিত করা হয়েছে, তার প্রতিবেদন তিন সপ্তাহের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে বেলার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ইকবাল কবির। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, দুই মাসের মধ্যে জাহাজ ভাঙা-সংক্রান্ত বিধিমালা প্রণয়ন ও গেজেট নোটিফিকেশন প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ভাঙার উদ্দেশ্যে আমদানি করা জাহাজের সংখ্যা এবং এগুলোর বর্জ্যমুক্তকরণ কীভাবে নিশ্চিত করা হয়েছে, তা তিন সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।এর আগে গত বছরের ৫ ও ১৭ মার্চ রায়ে আদালতের রায়ে জাহাজ ভাঙা বিষয়ে নয় দফা নির্দেশনা দেন আদালত। এতে বাংলাদেশে অনুপ্রবেশের আগে আমদানি করা জাহাজের প্রি-ক্লিনিং নিশ্চিত করতে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল।বেলার আবেদনে অভিযোগ করা হয়, এর পরও আমদানির আগে সমুদ্র পরিবহন অধিদপ্তর এ প্রক্রিয়ায় পরিবেশ অধিদপ্তরের সম্পৃক্ততা এবং যথাযথ প্রি-ক্লিনিং দলিলাদি ছাড়াই একচ্ছত্রভাবে বিষাক্ত বর্জ্য পরিবাহী জাহাজ দেশে আমদানি করতে অনুমোদন দিয়েছে।