দুই মাসের মধ্যে বীরাঙ্গনার তালিকা চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরাঙ্গনা নারীদের প্রাথমিক তালিকা দুই মাসের মধ্যে চূড়ান্ত হবে। আজ সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সামাজিক কারণে অনেক বীরাঙ্গনা নিজেদের নাম প্রকাশে আগ্রহী নন। এ জন্য তাঁদের নাম প্রকাশ করা হবে না। ইতিহাসের অংশ হিসেবে ভবিষ্যৎ​ প্রজন্মের জন্য এই তালিকা সংরক্ষণ করা হবে। আর যাঁরা ভাতা নিতে আগ্রহী, তাঁদের নাম গেজেটে প্রকাশ করা হবে।

ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে অবদান রাখা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নারীদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় যদি বিশ্ব সম্প্রদায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সে ক্ষেত্রে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপির ২ শতাংশ এবং ২১০০ সাল নাগাদ ৯ দশমিক ৪ শতাংশ ক্ষতি হতে পারে। পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে সুরক্ষা দিতে সরকার এ পর্যন্ত জলবায়ু ট্রাস্ট ফান্ডের জন্য ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছ থেকে ১৮৭ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, জলবায়ু ট্রাস্টের ২৩৬টি প্রকল্পের মধ্যে ৫০টির অবস্থা নাজুক। অনেকেই এসব প্রকল্পের টাকা মেরে দিয়েছে। এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী মন্ত্রী বলেন, ‘এসব প্রকল্প আমি দায়িত্ব নেওয়ার আগে গ্রহণ করা হয়েছিল। সুতরাং আমার এ বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদ অধিবেশন শুরু হয়।