দুই মাসের মধ্যে ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।একই সঙ্গে ব্যবহার উদ্বৃত্ত ব্যান্ডউইডথ রপ্তানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশ ভারত বা নেপালে টেরিস্ট্রিয়াল লিংকের মাধ্যমে ব্যান্ডউইডথ রপ্তানি এবং গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যান্ডউইডথ বিক্রির অনেক সম্ভাবনা রয়েছে বলে মনে করে সংসদীয় কমিটি।কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, আবদুল কুদ্দুস, সোলায়মান হক জোয়ার্দ্দার, আবদুল ওদুদ, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন অংশ নেন।সভায় আন্তর্জাতিক কল টার্মিনেশনের অবৈধ ব্যবসা বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অভিযানকে স্বাগত জানানো হয়। তবে গ্রাহক স্বার্থে বন্ধ হওয়া অভিযুক্ত এক্সচেঞ্জগুলোর পর্যবেক্ষণব্যবস্থা জোরদার করে তা আবারও চালুর সুপারিশ করা হয়।হাসানুল হক ইনু বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) অবৈধ ব্যবসার বিরুদ্ধে বিটিআরসির অভিযানের ফলে ইতিমধ্যে বৈধ পথে প্রায় দ্বিগুণ কল আসছে। বর্তমানে প্রতিদিন পাঁচ কোটি ৭০ লাখ মিনিট কল দেশে আসছে দাবি করে ইনু বলেন, এখনো আরও সমপরিমাণ কল অবৈধ পথে আসছে। এসব অবৈধ কল বৈধ পথে আনা গেলে সরকারের আয় অনেক বেড়ে যাবে। সে জন্য দুই মাসের মধ্যে একে উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।ইনু বলেন, মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধেও যদি অবৈধ কল টার্মিনেশনের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।