আইন লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর খাল ভরাটের জন্য ফেলা মাটি দুই মাসের মধ্যে সরিয়ে নিতে ঠিকাদার মো. আবদুর রহমানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।রিটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর সঙ্গে যুক্ত নবীনগর খালে মাটি ফেলে ভরাটের উদ্যোগ নেন ঠিকাদার আবদুর রহমান। খাল ভরাট বন্ধের জন্য হাইকোর্টে রিট আবেদন করে বেলা। প্রাথমিক শুনানির পর একই বছরের ২৪ মে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত গতকাল রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবীর এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।পরে আইনজীবী ইকবাল কবীর প্রথম আলোকে বলেন, আদালত রুল মঞ্জুর করে রায় দিয়েছেন। খালে ভরাট করা মাটি দুই মাসের মধ্যে সরিয়ে নিতে এবং ৯০ দিনের মধ্যে জরিমানার ৫০ হাজার টাকা ইউএনওর কাছে জমা দিতে আবদুর রহমানকে নির্দেশ দিয়েছেন আদালত।