দুই মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা, গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল গ্রামে দুই মাসের একটি শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল সোমবার মামলা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত রোববার কর্শাকড়িয়াল গ্রামের বাড়িসংলগ্ন পুকুর থেকে দুই মাসের ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, কর্শাকড়িয়াল গ্রামের কৃষিশ্রমিক তুহিন মিয়ার (২৮) সঙ্গে কয়েক মাস আগে একই এলাকার একটি মেয়ের (২৪) বিয়ে হয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের সময় মেয়েটি অন্তঃসত্ত্বা ছিলেন। এ বিয়েতে তুহিনের পরিবারের লোকজনের মত ছিল না। পরে সামাজিক চাপে তারা বিয়েতে রাজি হয়। বিয়ের পর থেকে শাশুড়ি ফাতেমা আক্তার বলতে থাকেন তাঁরা ছেলের বউয়ের পেটের সন্তানকে কিছুতেই স্বীকৃতি দেবেন না। পরিবারের সবাই এ নিয়ে মেয়েটিকে তিরস্কার করত। দুই মাস আগে তুহিনের স্ত্রী একটি কন্যাসন্তান প্রসব করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় কন্যাশিশুকে ঘরে রেখে মা বাইরে যান। পরে তিনি ঘরে ফিরে দেখেন শিশুটি বিছানায় নেই। রোববার পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁর সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছে। আবদুল গনিসহ কয়েকজন গ্রামবাসী বলেন, দুই মাসের শিশু বসতেও পারে না। তাহলে শিশুটি পুকুরে গেল কীভাবে? শিশুটিকে পরিকল্পিতভাবে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। কৃষিকাজ করার জন্য গত শনিবার তাঁরা হাওরে গেছেন।কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ঘটনার পর থেকে গৃহবধূর দেবর শাহীন পলাতক। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, শ্বশুরবাড়ির লোকজনই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ওসি জানান, এই ঘটনায় শিশুটির নানা ছফির উদ্দিন তাঁর মেয়ের দেবর শাহীন মিয়া, শাশুড়ি, ননদ, জা, চাচাশ্বশুর বাবুল মিয়া ও জয়নাল মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ তাঁর শাশুড়ি, ননদ ও জাকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে গতকাল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।