দুই মাস্টার ও ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি রোধ করতে গিয়ে দুই স্টেশন মাস্টার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কালোবাজারিদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে চেয়ারম্যানের লোকজন ও কালোবাজারি পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁদের আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে স্টেশন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, গতকাল সকাল নয়টায় আন্তনগর যমুনা ও অগ্নিবীণা ট্রেনের টিকিট দেওয়া শুরু হয়। একসময় ওত পেতে থাকা টিকিট কালোবাজারি দলের নেতা ও যুবলীগের উপজেলা শাখার সদস্য মিজানুর রহমান ১৮ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ৪০০ টিকিট ছিনিয়ে নেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন স্টেশনে আসেন। টিকিট কালোবাজারির প্রতিবাদ করায় স্টেশন মাস্টার আ. মতিন, সহকারী স্টেশন মাস্টার আজগর আলী ও চেয়ারম্যান সামস উদ্দিনকে স্টেশন মাস্টারের কক্ষে আটকে ফেলেন তাঁরা।
এ সময় চেয়ারম্যানের লোকজনের সঙ্গে কালোবাজারিদের সংঘর্ষে ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে যুবলীগের সদস্য মিজানুর তারাকান্দি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি করে আসছিলেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকাতেই তাঁকে সাংগঠনিক কোনো পদে রাখা হয়নি। সদস্য করে রাখা হয়েছে।
সহকারী স্টেশন মাস্টার আজগর বলেন, ‘যাত্রীদের টিকিট দেওয়ার সময় কালোবাজারি দলের নেতা মিজানুর লোকজন নিয়ে আন্তনগর দুটি ট্রেনের ৪০০ টিকিট ছিনিয়ে নেন। আমরা বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি আসেন। তখন চেয়ারম্যান, স্টেশন মাস্টার ও আমাকে এক ঘণ্টা আটকে রাখে কালোবাজারিরা।’
চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, ‘প্রতিবাদ করায় মিজানুর ও তাঁর দলবল দুই স্টেশন মাস্টারসহ আমাকে লাঞ্ছিত করে। আমি চক্রটির বিরুদ্ধে আদালতে মামলা করব।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. তাওহীদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।