দুই মিনিবাসের পাল্লায় প্রাণ গেল দুই যুবকের
রাজধানীতে দুই মিনিবাসের পাল্লা দিয়ে চলার কারণে প্রাণ হারিয়েছেন অজ্ঞাতপরিচয় দুই যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে রমনা পার্কের কাছে এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার গোলাপবাগে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুকন্যা নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে রমনা পার্কের সামনের সড়কে দুটি মিনিবাস আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে। এর একটি মিরপুর থেকে যাত্রাবাড়ীগামী চয়েজ পরিবহনের এবং অন্যটি মিরপুর থেকে গুলিস্তানগামী ইউনাইটেড পরিবহনের মিনিবাস। চয়েজের বাসটি ছিল বাঁয়ে। পাল্লা দেওয়া অবস্থাতেই মিনিবাস দুটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের বিপজ্জনক বাঁক অতিক্রম করে মৎস্য ভবনের দিকে এগোতে থাকে।মৎস্য ভবন মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মাহমুদ বলেন, এ প্রতিযোগিতা চলার সময় সড়ক ভবনের ফটকের সামনে সড়ক-বিভাজক না থাকা স্থানে একটি গাড়ি অন্য পাশে যাওয়ার অপেক্ষায় ছিল। ওই গাড়ি থাকায় ইউনাইটেডের মিনিবাসটি বাঁ দিকে চেপে এলে চয়েজ পরিবহনের মিনিবাসটি আরও বাঁয়ে চাপতে থাকে। একপর্যায়ে চয়েজের মিনিবাসটি পার্কসংলগ্ন ফুটপাতের রেলিংয়ের সঙ্গে লেগে যায়। এতে রেলিংঘেঁষে সড়ক দিয়ে হাঁটতে থাকা দুই যুবক রেলিং ও মিনিবাসের মাঝে পড়েন। দুজনই ঘটনাস্থলে মারা যান। মিনিবাসটির ধাক্কায় রেলিংয়ের অনেকখানি অংশ ভেঙে যায়। এ ঘটনায় দুটি মিনিবাসেরই কয়েকজন যাত্রী আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর যাত্রীরা মিনিবাস থেকে নেমে যান। তাঁরা মিনিবাস দুটি ভাঙচুর করেন।রমনা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান শরীফ প্রথম আলোকে জানান, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁরা ভবঘুরে। এদের একজনের বয়স ২০-এর মতো। তাঁর পরনে ছিল ছাই রঙের জিনস ও নীল চেক শার্ট। আরেকজনের বয়স ৩০ বছরের মতো। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও শার্ট। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিনিবাস দুটি আটক করা হলেও দুই চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে।শিশুকন্যা উপমার মৃত্যু: যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে গোলাপবাগে বিশ্বরোড পার হওয়ার সময় বাবা মোহাম্মদ আলীর হাত ছেড়ে দৌড় দেয় ছয় বছরের জান্নাতুল ফেরদৌস উপমা। এ সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা ২৩/৩ গোলাপবাগের একটি ঘরে ভাড়া থাকত। সড়কের ওপারের দোকান থেকে বিস্কুট কিনে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেছে। পুলিশ অটোরিকশাটি আটক করেছে।