দুই মিনিবাসের প্রতিযোগিতা, প্রাণ গেল কিশোরের, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া গতিতে গতকাল চলছিল যাত্রাবাড়ী-গাবতলী পথের যাত্রীবাহী মিনিবাস দুটি। একপর্যায়ে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম সড়কে এর একটি উল্টে যায় l ছবি: প্রথম আলো
বেপরোয়া গতিতে গতকাল চলছিল যাত্রাবাড়ী-গাবতলী পথের যাত্রীবাহী মিনিবাস দুটি। একপর্যায়ে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম সড়কে এর একটি উল্টে যায় l ছবি: প্রথম আলো

আগে যাওয়ার বেপরোয়া প্রতিযোগিতায় নেমেছিলেন মিনিবাস দুটির চালক। ছুটির দিনের ফাঁকা রাস্তায় গতিও ছিল বেশি। শেষ পর্যন্ত একটি মিনিবাস উল্টে এক কিশোরের প্রাণহানি ও ১২ জন যাত্রীর আহত হওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই মিনিবাস দুটি যাত্রাবাড়ী থেকে গাবতলী (পুরোনো ৮ নম্বর রুট) পথে চলে। ফার্মগেটের দিকে যাওয়ার পথে কারওয়ান বাজারে পাতালপথের সামান্য দূরে একটি মিনিবাসের ধাক্কায় আরেকটি সড়কে ডিগবাজি খেয়ে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত কিশোর উল্টে যাওয়া মিনিবাসটির চালকের সহকারী (হেলপার) ছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন। দুই মিনিবাসের চালকসহ অন্য কর্মীরা পালিয়ে গেছেন।
দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উল্টে পড়া মিনিবাসটির (ঢাকা মেট্রো জ ১১-১৩৬৪) নিচে পড়ে রয়েছে কিশোরের দেহ। মাথা থেঁতলে গেছে। রক্ত, ইঞ্জিন অয়েল আর রেডিয়েটরের গরম পানির মিশ্রিত স্রোত গড়িয়ে যাচ্ছে। ছড়ানো ছিটানো কাচ, স্যান্ডেল, যাত্রীদের জিনিসপত্র। সড়ক বিভাজকের ভাঙা স্ল্যাব, বিজ্ঞাপনী হোর্ডিং আর মাটি ছড়িয়ে-ছিটিয়ে আছে। চারদিক থেকে পিলপিল করে আসছে মানুষ। আহত ব্যক্তিরা, যাঁরা নিজেরা বের হয়েছেন, তাঁদের রাস্তার পাশে নিয়ে শুশ্রূষা করছেন কেউ। রাস্তায় প্রায় শুয়ে পড়ে বাসের নিচে কেউ চাপা পড়েছেন কি না, দেখার চেষ্টা করছেন কয়েকজন। কিন্তু বেশির ভাগই চারদিকে ভিড় করে মুঠোফোনে ছবি তুলছেন। চাপা পড়া কিশোরের ছবি তুলতে ভিড় ছিল বেশি। কয়েকজন চিৎকার করছেন, ‘ছেলেটাকে আগে হাসপাতালে নেন, যদি বাঁচে।’ কিন্তু কেউ শুনছেন না। পরে পুলিশ এসে কিশোরের দেহ রাস্তা থেকে তুলে নিয়ে ফুটপাতে রাখে। কিছুক্ষণের মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা আসেন। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এর মধ্যেই মিনিবাস থেকে বের হয়ে সাত বছর ও তিন বছর বয়সী দুই ছেলেকে নিয়ে অটোরিকশা খুঁজছেন এক ব্যক্তি। তাঁর স্ত্রী দগ্ধ হয়েছেন। তাঁরা মিনিবাসের সামনের দিকে লম্বা আসনে বসেছিলেন। মিনিবাস উল্টে গরম ইঞ্জিন অয়েল ও রেডিয়েটরের পানির ছিটা লেগে তাঁদের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বড় ছেলে আতঙ্কে স্তব্ধ, ছোট শিশুটি সমানে কাঁদছে। আহত কয়েকজনকে দেখা গেল খালি পায়েই ফার্মগেটের দিকে হেঁটে যেতে। কয়েকজন উঠে পড়লেন অন্য বাসে।
উল্টে যাওয়া মিনিবাসটির যাত্রী মো. নাঈম জানান, তিনি দৈনিক বাংলা থেকে উঠেছিলেন। হেলপারের মতো চালকও কিশোর বা সদ্য কৈশোর উত্তীর্ণ। মিনিবাসে যাত্রী ছিল আসনের অর্ধেকেরও কম। যাত্রী তুলতে তাই শুরু থেকেই অন্য বাসগুলোর সঙ্গে বেপরোয়া প্রতিযোগিতায় নেমেছিল চালক। কয়েকজন যাত্রী কয়েকবার ধমকও দেন। শাহবাগ মোড় পার হওয়ার পর একই পথের একটি মিনিবাসের (ঢাকা মেট্রো জ ১৪-১৪৮০) সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। ফাঁকা রাস্তায় দুটি মিনিবাসই চলছিল দ্রুত গতিতে। সার্ক ফোয়ারা পার হওয়ার পর অন্য মিনিবাসকে পেছনে আটকে রাখার জন্য চালক ডান পাশে চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে হঠাৎ মিনিবাসটি উল্টে দুবার পল্টি খেয়ে কাত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী পথচারী মো. সুমন বলেন, পেছনের মিনিবাসটাকে ডান পাশে চাপাতে বাধ্য করছিলেন উল্টে পড়া মিনিবাসের চালক। আর পেছনের মিনিবাসের চালক বাঁয়ে আসার চেষ্টা করতেই ওই মিনিবাসের কোনায় লেগে অপরটি উল্টে যায়। যাত্রী কম থাকায় বেশি হতাহত হয়নি। সব মিলিয়ে মিনিবাসটি থেকে ১৪-১৫ জন যাত্রীকে বের করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) খাদেমুল ইসলাম ঘটনার পরপরই ছুটে আসেন। তিনি বলেন, দুটি মিনিবাসের প্রতিযোগিতার কারণেই এ ঘটনা ঘটেছে। কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই ঘটনায় আহতদের মধ্যে সন্ধ্যা পর্যন্ত ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পারুল (৩০), আশফাক (৩) ও মৌয়ের (২৬) শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পারুলের মাথায়ও আঘাত রয়েছে। মৌ ঢাকা মেডিকেলেরই মেডিসিন বিভাগের চিকিৎসক।