দুই মিশনে আবার চুক্তিভিত্তিক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ মিশন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রধান পদে চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতা বজায় থাকছে। ভারতে হাইকমিশনার পদে সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলী এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এম জিয়াউদ্দিন নিয়োগ পেতে যাচ্ছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ তিনটিসহ বাংলাদেশের অন্তত ১০টি মিশনের প্রধান পদে এ বছরের দ্বিতীয়ার্ধে রদবদল হচ্ছে। দিল্লি এবং ওয়াশিংটনের বাংলাদেশ মিশনে আবার চুক্তিভিত্তিক নিয়োগ হলেও ব্যতিক্রম ঘটতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও মিয়ানমারে। দুটি মিশনেই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সাবেক দুই সেনা কর্মকর্তার পরিবর্তে নিয়োগ পেতে যাচ্ছেন পেশাদার দুই কূটনীতিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ মাসের প্রথমার্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিভিত্তিক ও পেশাদার কূটনীতিকদের নিয়োগ ও বদলির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছেন। এরপর এসব কূটনীতিক যেসব দেশে যোগ দেবেন, সে দেশগুলোতে তাঁদের নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পাঁচ বছরের বেশি সময় ধরে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম এবং ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত আকরামুল কাদের। ২০০৯ সালের আগস্টে তাঁরা প্রথম চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে কয়েক দফায় তাঁদের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এ বছরের জুনে তাঁদের নিয়োগের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েসকে বদলি করা হচ্ছে নতুন ও কম গুরুত্বপূর্ণ ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে বদলি করা হচ্ছে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল হান্নানকে। জেনেভায় তাঁর স্থলাভিষিক্ত হবেন বর্তমানে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।
২০০৮ সাল থেকে অস্ট্রেলিয়ায় নিযুক্ত হাইকমিশনার লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এরপর ব্যাংককে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনিম।
২০০৯ সালের আগস্টে মিয়ানমারে নিযুক্ত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার স্থলাভিষিক্ত হবেন শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান। শ্রীলঙ্কায় নতুন হাইকমিশনার হিসেবে মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অনুবিভাগের মহাপরিচালক তারিক আহসানের যোগ দেওয়ার কথা। দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনার হিসেবে যোগ দিতে যাচ্ছেন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক আল্লামা সিদ্দিকী।