দুই মুখ, দুই নাক চার চোখের বাছুর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে গত মঙ্গলবার রাতে দুই মুখ, দুই নাক ও চার চোখবিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগ্রান মধ্যপাড়ার আলেয়া বেগমের একটি দেশি জাতের গাভি অদ্ভুত আকৃতির বাছুরটি প্রসব করে। বাছুরটি দুই মুখ দিয়েই খেতে পারে। তার নাক দুটি একসঙ্গে শ্বাস-প্রশ্বাসের কাজ করছে। চোখে স্বাভাবিকভাবে সব দেখতে পাচ্ছে। বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাছুরটিকে একনজর দেখার জন্য কয়েক শ মানুষ আলেয়া বেগমের বাড়িতে ভিড় করছে। বাছুরটি কীভাবে খাচ্ছে, কীভাবে শ্বাস নিচ্ছে, তা নিয়ে দর্শনার্থীদের কৌতূহলের শেষ নেই। গুরুদাসপুরের নাজিরপুর থেকে আমেনা বেগম এসেছেন বাছুরটি দেখতে। তিনি বলেন, ‘আগে কখনো এ ধরনের বাছুর দেখিনি। শুনতে পেয়ে ছুটে এসেছি। দেখে অবাক লাগছে।’ আলেয়া বেগম বলেন, ‘প্রায় আড়াই বছর আগে ঋণ নিয়ে একটি গাভি কিনেছিলাম। কয়েকবার বীজ দেওয়ার পর এবারই প্রথম বাচ্চা জন্ম হয়েছে। জন্মের পর থেকে বাছুরটি মায়ের দুধ খেতে পারছে। তবে দুর্বল হওয়ায় দাঁড়িয়ে দুধ খেতে পারছে না। আমরা দুধ সংগ্রহ করে ফিডার দিয়ে খাওয়াচ্ছি।’ বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, ‘জেনেটিক কারণে এ ধরনের অস্বাভাবিক আকৃতির বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির একাধিক নাক, কান ও মুখ রয়েছে। বিস্ময়কর হলেও সত্য যে প্রতিটি অঙ্গ যথাযথভাবে কাজ করছে। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে।’