দুই মৃত ব্যক্তির নামে এসআইয়ের নোটিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুই মৃত ব্যক্তির নামে নোটিশ দিয়েছেন থানার এক উপপরিদর্শক (এসআই)। একটি জিডির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, জমি-সংক্রান্ত বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার একটি জিডির সূত্র ধরে এসআই জসিম উদ্দিন জমির মালিক উল্লেখ করে জুয়েল, সোহেল, রিপন, মিজানুর রহমান, মিনার হোসেন ও হাফিজুর রহমানের নামে নোটিশ দেন। তবে এরই মধ্যে সোহেল ও রিপনের মৃত্যু হয়েছে। সোহেল ১৯৮৮ সালে ও রিপন ২০০১ সালে মারা যান। তাঁদের দুজনকে জীবিত উল্লেখ করে নোটিশ দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া স্কুল রোড এলাকার আবদুল জলিল নামের একজন সোহেল ও রিপনের বিষয়ে পুলিশকে মিথ্যা তথ্য দেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন যাচাই-বাছাই না করেই নোটিশ দেন। নোটিশ পাওয়া ব্যক্তিদের সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হতে বলা হয়। কিন্তু ছয়জনের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। বাকি দুজন উপস্থিত না হওয়ায় সোহেল ও রিপনের মৃত্যুর বিষয়টি বের হয়ে আসে।
জানতে চাইলে এসআই জসিম উদ্দিন বলেন, ‘সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া স্কুল রোড এলাকার আবদুল জলিলের দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দিয়েছি। তবে জিডিতে অভিযোগকারী উল্লেখ করেননি যে সোহেল ও রিপন মারা গেছেন। পরে বিষয়টি জানতে পেরে আমি ওই ব্যক্তিকে শাসিয়েছি।’