দুই মেধাবী কি দমে যাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমি পিরেগু ও কৃষ্ণ রাজভর কিরণ
সুমি পিরেগু ও কৃষ্ণ রাজভর কিরণ

সুমি পিরেগু। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা দিয়ে সংস্কৃত ও পালি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। অনেক কাঠখড় পুড়িয়ে ভর্তিও হয়েছেন। একইভাবে কৃষ্ণ রাজভর কিরণও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে এখনো ভর্তি হতে পারেননি। আজ সোমবার ভর্তির শেষ সময়। তাহলে কি তিনি থেমে যাবেন?
সুমির বাবা সন্ন্যাসী পিরেগু চা-শ্রমিক। দৈনিক ৬৯ টাকা মজুরিতে চা-বাগানে শ্রম দেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সুমির দরকার ছিল ১৪ হাজার টাকা। বাবা দিতে পারেননি। সুমিও ভর্তি হতে পারছিলেন না। এ খবর মিখাইল পিরেগু নামের স্থানীয় এক সমাজকর্মীর মাধ্যমে জেনে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী ভর্তির টাকা দিয়ে সুমিকে গতকাল রোববার ভর্তি করিয়েছেন। তবে পড়াশোনা চালিয়ে যেতে টাকা দরকার। থাকা-খাওয়াসহ অন্যান্য খরচও আছে। তাঁর বাবার পক্ষে এ খরচ জোগানো অসম্ভব। দুশ্চিন্তায় পড়েছেন সুমি।
কৃষ্ণ রাজভর কিরণের ভর্তি হতে লাগবে ১৫ হাজার টাকা। তাঁর বাবাও চা-শ্রমিক। দৈনিক ৬৯ টাকা মজুরিতে চা-বাগানে কাজ করেন। তাঁর বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রয়োজনীয় টাকা সংগ্রহে ব্যর্থ হয়ে কিরণের পরিবার তাঁর ভর্তির আশা ছেড়ে দিয়েছে। সুমি ও কৃষ্ণ উভয়ই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের বাসিন্দা।
সুমি পিরেগু প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা সামান্য মজুরিতে চা-বাগানে কাজ করেন। ভর্তি হতে তাঁর অসামর্থ্যের কথা জেনে বিজ্ঞানী আবেদ চৌধুরী ভর্তি ফি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তবে থাকা-খাওয়াসহ পড়াশোনা চালিয়ে যাওয়ার টাকার অভাবে আমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।’ তিনি বলেন, ‘আমি পড়াশোনা করে দেশের জন্য কিছু করতে চাই। কিন্তু আমার পরিবারের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়ার টাকার জোগান দেওয়া সম্ভব নয়।’
কৃষ্ণ রাজভর বলেন, ‘আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই। নিজের পায়ে দাঁড়িয়ে অন্যদেরও সহযোগিতা করতে চাই। খেয়ে না খেয়ে পড়াশোনা করেছি। এখন টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছি না।’
অস্ট্রেলিয়াপ্রবাসী আবেদ চৌধুরী বলেন, ‘আমার বাবা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে চা-শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমি প্রয়াত বাবার পথ ধরেই চা-বাগানের শ্রমিকদের শিক্ষায় যত দূর পারছি সহযোগিতা করে যাচ্ছি। দেশের ধনাঢ্য মানুষ ও চা-বাগানের মালিকসহ সরকারের কাছে আমার আবেদন, দেশের সবচেয়ে দরিদ্র মানুষকে শিক্ষার আলো দিতে এগিয়ে আসুন।’

সুমি ও কৃষ্ণকে আর্থিক সহায়তা পাঠানো যাবে: 
মিখাইল পিরেগু
সঞ্চয়ী হিসাব নম্বর-১০০০০৪৫৫২
সোনালী ব্যাংক লিমিটেড, কমলগঞ্জ শাখা
মৌলভীবাজার, বাংলাদেশ।