দুই মেধাবীকে দেওয়া হলো সহায়তার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী রিফাত শেখের হাতে ফ্রান্সপ্রবাসী আশরাফুল ইসলামের দেওয়া টাকা গত সোমবার জেলা প্রশাসক জিনাত আরা তুলে দেন। এ সময় আরেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকেও টাকা দেওয়া হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দরিদ্র দুই মেধাবী শিক্ষার্থীর হাতে মোট ৩০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, রাজবাড়ী ইয়াছিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম, অদম্য মেধাবী রিফাত শেখ, বিদ্যালয়ের নবম শ্রেণির দরিদ্র মেধাবী শিক্ষার্থী প্রিয়া রানী মণ্ডল, তার বাবা পূর্ণ চন্দ্র মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, রাজবাড়ীর সন্তান ফ্রান্সপ্রবাসী আশরাফুল ইসলাম রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিফাত শেখের জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে জেলা প্রশাসকের শিক্ষাকল্যাণ খাতে নিয়মিত মাসিক ৩ হাজার টাকা করে প্রদান করে আসছেন। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসের অর্থ প্রদানে বিলম্ব হয়। সোমবার ছয় মাসের মোট ১৮ হাজার টাকা রিফাতের হাতে তুলে দেওয়া হয়।
অপর দিকে অর্থসংকটে প্রিয়া রানী মণ্ডলের পড়াশোনা বন্ধের উপক্রম হওয়ার খবর পেয়ে আশরাফুল ইসলাম তাকে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মাসে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা প্রদান করেন। তার হাতে ওই ১২ হাজার টাকা সোমবার তুলে দেওয়া হয়।
রিফাত শেখের বাড়ি গোয়ালন্দের বাহাদুরপুর গ্রামে। তাকে নিয়ে ২০১৫ সালের ১১ জুন প্রথম আলোয় ‘আঁধার ঘরে চাঁদের আলো’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান জেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজে ভর্তি বাবদ রিফাতের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া রিফাতের বাবা মঞ্জুরুল শেখের নামে ৫৩ শতাংশ খাসজমির বন্দোবস্তের কাগজপত্র তুলে দেন।