নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে গত দুদিনে দুই মেয়র পদপ্রার্থী ও দুই কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে গাড়ির বহর নিয়ে মিছিল করার অভিযোগে আড়াইহাজার পৌরসভা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী পারভীন আক্তারকে (দোয়াত-কলম প্রতীক) আট হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে গাড়ির মধ্যে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী হারুন অর রশিদকে (টেলিভিশন প্রতীক) ৫০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে গত রোববার বিকেলে কয়েক শ সমর্থক নিয়ে আড়াইহাজার বাজারে মিছিল করার অপরাধে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. কাশেমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গাজীপুরা এলাকায় কয়েক শ কর্মী-সমর্থক নিয়ে মিছিল করায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সফিকুলকে (মোরগ প্রতীক) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের জরিমানা করে সতর্ক করা হয়েছে।