নগরের উন্নয়ন নিয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা।
১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেন তাঁর প্রতিদ্বন্দ্বী ১৮ দল-সমর্থিত প্রার্থী আহসান হাবিবের সমালোচনা করে বলেছেন, তিনি (আহসান) একটানা ১২ বছর নগরের প্রধান (পৌরসভা চেয়ারম্যান ও মেয়র) হিসেবে ছিলেন। এরপর পাঁচ বছর দায়িত্বে ছিলেন তাঁর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাংসদ মজিবর রহমান। ওই ১৭ বছরে কী উন্নয়ন হয়েছিল, তা নগরবাসী জানে।
আর আহসান হাবিব বলেছেন, গত সাড়ে চার বছরে বরিশাল সিটি করপোরেশনে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে। নগরের খাল ভরাট করে ড্রেন নির্মাণ করায় জলাবদ্ধতার নগরে পরিণত হয়েছে বরিশাল। নগরের বর্ধিত অঞ্চলে উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে তাঁদের নিজেদের লোকদের পকেট ভারী করা হয়েছে।
সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন নেতা-কর্মীদের নিয়ে গতকাল দিনভর নগরের কাউনিয়া এলাকা, ১, ১৮, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়ক, হাউজিং ও কাশিপুর করমজা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, সাইদুর রহমান প্রমুখ।
গণসংযোগকালে টেলিভিশন প্রতীকে ভোট চেয়ে সদ্য সাবেক মেয়র শওকত হোসেন বলেন, ‘আগামীতে আমি আবার মেয়র হলে এই নগর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তির নগর।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে নিজ দলীয় নেতা-কর্মীর ওপর হামলা আর হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, তারা কীভাবে সন্ত্রাস দমন করবে। যারা নিজেরা সন্ত্রাস করে এবং সন্ত্রাসী জন্ম দেয়, তারা কীভাবে সন্ত্রাসমুক্ত নগর গড়বে।’
জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র পদপ্রার্থী আহসান হাবিব গতকাল নেতা-কর্মীদের নিয়ে নগরের ২৪, ২৫, ২৬ নম্বর ওয়ার্ডের রূপাতলী, গ্যাস টারবাইন, হাউজিং ও বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। এ সময় আনারস প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘সাবেক মেয়রের আমলে পলাশপুর, রসুলপুরসহ সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে এসব এলাকার উন্নয়ন ও পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করব।’
আহসান হাবিবের পক্ষে গতকাল নগরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সাংসদ আবুল হোসেন খান প্রমুখ।