দুই মেয়র প্রার্থীর প্রচারণায় 'অতীত' নিয়ে ঘাঁটাঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী গতকাল সোমবার ‘অতীত’ নিয়ে প্রচারণা চালিয়েছেন। ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান প্রচারণায় বলেছেন, নগরবাসী অতীতের দুঃশাসন ভুলে যায়নি।

অন্যদিকে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন দল অতীতের উন্নয়ন ছিনতাই করেছে।

গতকাল দুই প্রার্থী নগরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ‘অতীত’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন।

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কামরান নগরের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা, মেডিকেল কলোনি, নার্সিং ইনস্টিটিউট, মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি ও শেখঘাট কলাপাড়া এলাকায় গণসংযোগ করেন।

এসব এলাকায় গণসংযোগকালে কামরান বিগত চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, নগরবাসী অতীতের দুঃশাসন ভুলে যায়নি। তা কখনোই ভুলবার নয়। নগরবাসী ক্ষমতার দাপট আর অত্যাচার, লুটপাট দেখেছে। তারা আবার সেই অন্ধকার দিনে ফিরতে চাইবে না।

কামরান তাঁর মেয়াদে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘মানুষের জন্য কাজ করলে সেটা সবার চোখে পড়ে। এ জন্য কারও সনদ দেওয়ার প্রয়োজন নেই। আমি মানুষের জন্য কাজ করেছি। তাই অতীতে আমার প্রতি নগরবাসীর সহযোগিতা ছিল। আশা করি, ভবিষ্যতে আমার প্রতি নগরবাসীর সমর্থন থাকবে।’

অন্যদিকে আরিফুল হক অভিযোগ করেছেন, কামরান চারদলীয় জোট সরকার আমলের অনেক উন্নয়নকে নিজের উন্নয়ন বলে দাবি করছেন। তিনি চারদলীয় জোটের উন্নয়ন ছিনতাই করে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি কামরানকে উদ্দেশ করে বলেন, ‘উন্নয়নের সংজ্ঞা আমাদের জানা আছে। গত পাঁচ বছরে একটি উন্নয়নকাজের প্রমাণ দেখান। উন্নয়ন যা হয়েছে চারদলীয় জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নেতৃত্বে হয়েছে।

সিলেটের কুমারপাড়ায় বৌদ্ধ সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে নগরের দরগাহ মহল্লা, ফাজিল চিশত, সুবিদ বাজারের বনকলাপাড়ায় পথসভা, কোর্ট এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা, মির্জাজাঙ্গাল ও করের পাড়ায় লোকনাথ বাবার তিরোধান উৎসবে মতবিনিময়, রিকাবিবাজার, মধুশহীদ, মুন্সিপাড়ায় মেডিকেল এলাকায় আরিফুল হক গণসংযোগ করেন।