তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নির্বাচন চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে আরও দুই মেয়াদে করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আইনজীবী মোহাম্মদ ইউনূস আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
রিট করার বিষয়টি জানিয়ে ইউনূস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, আপিল বিভাগের রায় অনুসারে দশম ও একাদশতম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। একই সঙ্গে রুলও চাওয়া হয়েছে। রুল জারি হলে দশম জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে করার অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ২০১১ সালের ৫ মে আপিল বিভাগের রায়ের সারমর্মে বলা হয়, ত্রয়োদশ সংশোধনী আইন অবৈধ ও অসাংবিধানিক হলেও জাতীয় সংসদের বিবেচনা ও সিদ্ধান্ত অনুসারে এবং নির্দেশসাপেক্ষে দশম ও একাদশতম সাধারণ নির্বাচন প্রয়োজন অনুযায়ী নতুনভাবে ও আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
এই নির্দেশনার আলোকেই রিটটি করা হয়েছে বলে জানান ইউনূস আলী আকন্দ।