দুই মেয়র ও ১২ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থী ও ১২ কাউন্সিলর প্রার্থীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেল তিনটার দিকে দুই মেয়র প্রার্থীকে তিন হাজার টাকা করে এবং ১২ কাউন্সিলর প্রার্থীকে এক হাজার করে টাকা জরিমানা করেন আদালত। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে ৮ ডিসেম্বর তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারিক হাকিম আহমেদ জামিল এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে এসব মেয়র ও কাউন্সিলর প্রার্থী দেয়ালে পোস্টার সাঁটায়। তফসিল ঘোষণার পর সাঁটানো পোস্টার না সরানোয় এ জরিমানা করা হয়।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন—বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আবদুল লতিফ ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মেয়র প্রার্থী মো. হানিফ মিয়া এবং কাউন্সিলর প্রার্থী দুই নম্বর ওয়ার্ডের মো. শাহ আলম ও মোজাম্মেল হক সাগর, তিন নম্বর ওয়ার্ডের মো. রাজ মিয়া, আবদুস সামাদ ও মো. ফজলু মিয়া, চার নম্বর ওয়ার্ডের আবদুল বাতেন, দিলীপ ভৌমিক ও মো. মানিক মিয়া, পাঁচ নম্বর ওয়ার্ডের শাহনুর আহাম্মেদ সুমন, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান বকুল ও ফজলুল হক অরুণ।