দুই মেয়র পদপ্রার্থীর প্রচারণায় বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বিরুদ্ধে অপর দুই মেয়র পদপ্রার্থীর নির্বাচনী পোস্টার ছেড়ার ও তাঁদের সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ওই দুই মেয়রসহ আরও ১২ জন কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।গত শনিবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কলাপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির এবং অপর প্রার্থী নুরুল হক মুন্সী এসব অভিযোগ করেন। এ সময় তাঁরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কলাপাড়ায় দ্রুত সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানান। এতে আরও ১২ জন কাউন্সিলর পদপ্রার্থী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম রাকিবুল আহসান ও নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী পৌর নির্বাচনের আগেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত ৩০ ডিসেম্বর গভীর রাতে তারা বিলকিস জাহান বুড়ি নামে তাঁর এক সমর্থক ও কর্মীর বাসা ভাঙচুর, তাঁর নির্বাচনী পোস্টার এবং তাঁদের দলীয়-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলে ও পুড়িয়ে দেয়। গত ২৮ ডিসেম্বরও মেয়র পদপ্রার্থী রাকিবুল আহসানের লোকজন প্রচারণা ও মাইকিং করার সময় তাঁদের সমর্থকদের বাধা দেয় ও পোস্টার ছিঁড়ে ফেলে। গত ১৬ ডিসেম্বর আনোয়ার আজিম নামে তাঁর এক সমর্থককে মারধর করা হয়।অপর মেয়র প্রার্থী নুরুল হক মুন্সী বলেন, গত শুক্রবারও সন্ত্রাসীরা তাঁর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম রাকিবুল আহসান জানান, সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো ভিত্তিহীন ও বানোয়াট। কলাপাড়া পৌর নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করার জন্য তাঁরা এ কল্পকাহিনিগুলো সাজাচ্ছে।