দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, কাজীপুর-সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্টের কার্যালয় উদ্বোধনের নামে ১৪-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানের জন্য গত শুক্রবার গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর কুদ্দুসনগরে সভা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। কোনাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সুন্দর আলীর বাড়ির পাশের মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সন্ধ্যা ছয়টায় সভায় উপস্থিত হন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান। তিনি সভায় সরাসরি ভোট না চেয়ে দোয়া চেয়ে বিদায় নেন। সভায় মোহাম্মদ নাসিম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি কেন এসেছি নিশ্চয়ই আপনারা বুঝেছেন।’ স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে আজমত উল্লা খান বাইমাইলের কাদের মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে ভোট ও দোয়া চান। তিনি কাদের মার্কেটে পৌঁছালে তাঁর জন্য ভোট চেয়ে নেতা-কর্মীরা স্লোগান দেন।মোহাম্মদ নাসিমের সভা করার কথা নিশ্চিত করেছেন সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী। এদিকে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান শুক্রবার বাসন ইউনিয়নের ইটাহাটার কলাবাগান এলাকায় কর্মিসভা করেন। বিকেল পাঁচটায় শুরু হয়ে সভা চলে রাত আটটা পর্যন্ত। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, সহসভাপতি আবদুর রশিদ ঢালীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এম এ মান্নান ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিজয়ী হলে ‘থেমে থাকা’ উন্নয়নকাজ আবার শুরু ও মাদকমুক্ত নগর গড়ার আশ্বাস দেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন আহমেদ বলেন, ‘কর্মিসভা নয়, মান্নান স্যার কেন্দ্রভিত্তিক কমিটি করতে এসেছিলেন।’ এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ‘তাঁদের সভা করার বিষয়টি আমার জানা নেই।’পোস্টার ছাপিয়ে প্রচারণা, প্রার্থীর জরিমানা: নির্ধারিত সময়ের আগেই পোস্টার ছাপিয়ে প্রচারণা চালানোর দায়ে শুক্রবার এক কাউন্সিলর পদপ্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহান মিয়ার এ জরিমানা করা হয়।