দুই মেয়র প্রার্থীর ভাইসহ ছয়জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত সোমবার রাতে মহেশখালী থানায় মামলাটি করেন পৌর এলাকার গোরকঘাটা বাজারের সবজি ব্যবসায়ী আহসাব উদ্দিন।মামলার আসামিরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মকছুদ মিয়ার ছোট ভাই আতাউল্লাহ বোখারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মেয়র প্রার্থী শামসুল আলমের ভাই সব্বির আহমদ, ভাতিজা আবছার কামাল ও মামুন, মোজাম্মেল হক ও বিমল।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আতাউল্লাহর নেতৃত্বে একদল লোক ব্যবসায়ী আহসাবের দোকানে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এখানে ব্যবসা করা যাবে না বলেও তাঁকে হুমকি দেওয়া হয়। মামলার বাদী আহসাব উদ্দিন অভিযোগ করেন, চাঁদা দিতে অসম্মতি জানালে চাঁদাবাজেরা তাঁকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়।মেয়র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম এ বিষয়ে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যে এই মামলা করা হয়েছে। একই কথা বলেন মকছুদ মিয়া। তিনি বললেন, মামলা দিয়ে জনপ্রিয়তা ঠেকানো যায় না। এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।