দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে সুষ্ঠু ভোট হলেও মেয়র পদে ভোট দিতে ব্যালট পেপার পাননি বলে অভিযোগ করেছেন ১১টি কেন্দ্রের ভোটার। কেন্দ্রের ভেতরে সিল মারতে তাঁদের কেবল সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীর দুটি ব্যালট পেপারই দেওয়া হয়েছে বলে জানান। অন্যদিকে ‘প্রহসনের’ নির্বাচন উল্লেখ করে বেলা ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মো. হেলাল উদ্দিন শাহ।
ভোট বর্জনের পর গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইছাখালী এলাকায় বিএনপির মেয়র প্রার্থী মো. হেলাল উদ্দিন শাহ সাংবাদিকদের বলেন, ‘ভোটারদের মেয়রের ব্যালট দেওয়া হচ্ছে না। বহিরাগত ও স্থানীয় নেতা-কর্মীরা অবাধে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছে। ১১টি কেন্দ্রে আমার এজেন্টরা সকাল আটটার দিকে গেলেও তাদের বের করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রহসনের এ নির্বাচন বর্জন করলাম।’
একই অভিযোগে নির্বাচন বর্জন করেছেন ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী আবদুর রহমান। নিজের ভোটটিও দিতে পারেননি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, পরিবারের সদস্যদের নিয়ে সকাল সোয়া আটটার দিকে বিআইজেডএইচ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন, তাঁদের ভোট আগেই কে বা কারা দিয়ে দিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদারও বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে।’ স্বতন্ত্র মেয়র প্রার্থী মোজাম্মেল হককে কোথাও দেখা যায়নি।
এদিকে একটি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে ব্যালট বাক্স ছিনতাই চেষ্টার কারণে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাঙ্গুনিয়ার ১১টি কেন্দ্রে সরেজমিনে গিয়ে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট চোখে পড়েনি। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে নারী ও পুরুষদের লম্বা লাইন ছিল। কেন্দ্রের বাইরে আওয়ামী সমর্থক নেতা-কর্মীদের ভিড় ছিল।
গতকাল সকাল সাড়ে নয়টায় বিআইজেডএইচ উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন ছিল। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম সুজাউদ্দিন বলেন, কেন্দ্রে ২ হাজার ২৮ ভোটার। সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ছয়টি বুথে ৬০০ ভোট গ্রহণ হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চারটি বুথে দেখা যায়, ভোটারদের মেয়র প্রার্থীর ব্যালট দেওয়া হচ্ছে না। কেন্দ্রের পুরুষ বুথ-৩-এ দেখা যায়, আবুল মনসুর নামের এক ভোটারকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দুটি ব্যালট দিচ্ছেন। মেয়র প্রার্থীর ব্যালটে এক যুবক সিল মেরে বাক্সে ফেললেন। এ প্রসঙ্গে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আজিম বলেন, ‘এখনই ব্যবস্থা নিচ্ছি। এ রকম হওয়ার কথা নয়।’
এদিকে বেলা দুইটার দিকে মজুমদারখীল উচ্চবিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশে রাঙ্গুনিয়া ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রার্থী দুজন হচ্ছেন মো. হারুন ও মো. আসাদুজ্জামান খান। কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক মো. ইসরাফিল জানান, দুই পক্ষের মধ্যে ৮ থেকে ১০টি গুলিবিনিময়ের পর বিজিবি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হননি।
গোলাগুলি থামার পর ওই কেন্দ্রে আসাদুজ্জামান খানের সমর্থকেরা ব্যালটে সিল মারতে শুরু করলে বাধা দেন মো. হারুন। একপর্যায়ে তিনি ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্যায়ভাবে ব্যালটে সিল মারছিল। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি।’ পরে পুলিশ তাঁকে আটক করে। এরপর মো. হারুনকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নিশাদুজ্জামান দুই বছরের কারাদণ্ড দেন। মো. হারুন পৌর আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক।