দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে বিএনপি-সমর্থক ও একই দলের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুর্নীতির অভিযোগ তোলায় গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ঘটনাটি ঘটে।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মতিনকে শহরের সড়কের বেহলা দশা নিয়ে প্রশ্ন করেন এক দর্শক। জবাব দিতে গিয়ে তিনি রাস্তাঘাটের বেহাল দশার জন্য আগের মেয়র ও এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী আতাউর রহমানের দুর্নীতিকেই দায়ী করেন।
মেয়র আবদুল মতিন বলেন, আগের মেয়রের বড় বড় দুর্নীতির কারণে যখন তিনি দায়িত্ব নেন, তখন পৌরসভায় কোনো টাকা ছিল না, বরং ঋণগ্রস্ত ছিল। এই কারণে রাস্তাঘাটের উন্নয়ন করা সম্ভব হয়নি।
এই বক্তব্য দেওয়ার সময় উপস্থিত জনতাকে কিছু নথিপত্র দেখিয়ে আবদুল মতিন বলেন, এসবই আগের মেয়রের দুর্নীতির ফিরিস্তি।
এতে ক্ষুব্ধ হয়ে আতাউর রহমানের সমর্থকেরা হইচই শুরু করেন। একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। মঞ্চেও ওই দুই প্রার্থী তর্কে জড়িয়ে পড়েন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আধা ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয়। আবদুল মতিন আবারও বক্তব্য দেওয়া শুরু করলে অনুষ্ঠান ত্যাগ করেন আতাউর রহমান।
গত পৌর নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন আবদুল মতিন। এবার বিএনপি তাঁকে বাদ দিয়ে মনোনয়ন দেয় জামায়াত থেকে দুর্নীতির দায়ে বহিষ্কৃত আতাউর রহমানকে। আতাউর রহমান গত অক্টোবর মাসে বিএনপিতে যোগ দেন।