নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল বুধবার কুমিল্লার হোমনা ও হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে আট হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিভিন্ন স্থানে আটজন কাউন্সিলর প্রার্থী, এক নারী প্রার্থীর স্বামী ও একজন সমর্থককে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): গত রোববার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নৌকা প্রতীক ও ছবি-সংবলিত ভোটার স্লিপ তৈরি করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কয়েকজন কর্মী। এ বিষয়ে ওই দিনই আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামকে এর কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাহী হাকিম। এর জবাব প্রাসঙ্গিক না হওয়ায় গতকাল তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোমনা পৌরসভা নির্বাচনের নির্বাহী হাকিম তৌহিদুল ইসলাম এ দণ্ড দেন।
হবিগঞ্জ: কাঠের নৌকা প্রদর্শন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নির্বাহী হাকিম আলমগীর হোসেন এ জরিমানা করেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনসার শুকরানা নলকূপ বিতরণকালে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম তাঁকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর): গতকাল বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দেয়ালে রঙিন পোস্টার লাগানোর অপরাধে ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাবুল মিয়া, ১ নম্বর ওয়ার্ডের আবু জাফর সরকার, ৪ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন ও ৫ নম্বর ওয়ার্ডের তাজের আহম্মেদকে দেড় হাজার টাকা করে; ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহিরুল ইসলাম ঢালী ও মনির হোসেনকে ১ হাজার ২০০ টাকা করে এবং ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হালিমা বেগমকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
সুনামগঞ্জ: গতকাল সুনামগঞ্জের ছাতক পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়ার সমর্থক পলাশ দাস এবং ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কুলসুমা বেগমের স্বামী আবুল কালাম খান।