দুই মেয়র 'বিদ্রোহী' আ.লীগ বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর ও চাটমোহর পৌরসভার বর্তমান দুই মেয়র আওয়ামী লীগ ও যুবলীগের নেতা। এবার দল থেকে মনোনয়ন না পেয়ে তাঁরা বিদ্রোহী হিসেবে লড়ছেন। তাঁদের সমর্থনে মাঠে নেমেছেন দলীয় নেতা-কর্মীদের একাংশ। এভাবে দুই পৌরসভাতেই আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সুজানগর পৌরসভায় বর্তমান মেয়র উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। কিন্তু এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব। দুজনের সমর্থকেরা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতা সরাসরি ও আড়ালে থেকে তোফাজ্জলের পক্ষে কাজ করছেন। অন্যদিকে দলীয় প্রার্থী হিসেবে ওহাবের সমর্থনে আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরাসরি প্রচারণায় নেমেছেন।
বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘একজন সফল মেয়র হিসেবে সবাই আবারও আমাকে চায়। তাই উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ দলের অধিকাংশ নেতাই আমার পক্ষে কাজ করছেন। আমরা শান্তিপূর্ণভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছি। তবে অনেক ক্ষেত্রেই আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে।’
আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওহাব বলেন, ‘দলীয় প্রধান আমাকে মনোনয়ন দিয়েছেন। ফলে দলের প্রত্যেক নেতা-কর্মী আমার সঙ্গে আছেন বলেই আমি মনে করি। তবে কেউ গোপনে আমার বিপক্ষে কাজ করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা দলীয় প্রধানই নেবেন।’
এদিকে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই পৌরসভার বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম। তিনি দলীয় মনোনয়ন পাননি। দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন। পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন দুজনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। দলের জ্যেষ্ঠ নেতারাও দুজনকে এক করতে চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কাজ হয়নি। ফলে দুই ভাগে বিভক্ত হয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এ প্রসঙ্গে বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম বলেন, ‘আমার জনপ্রিয়তা আছে। ব্যাপক উন্নয়ন করে আমি আলোকিত পৌরসভা উপহার দিয়েছি। পৌরবাসীর চাওয়াতেই নির্বাচন করছি।’
দল মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘দলীয় প্রধানের মনোনয়নে আমি প্রার্থী। তাই দলের নেতা-কর্মীরা আমার পক্ষে আছেন। বিদ্রোহী প্রার্থী থাকলেও নেতা-কর্মীরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন।’
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, ‘আমরা বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শেষ পর্যন্ত সমঝোতা না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সব পদ ও সাধারণ সদস্যপদ থেকে তাঁদের বহিষ্কার করা হবে।’
দল থেকে বহিষ্কার করা হতে পারে—এই হুঁশিয়ারির বিষয়ে দুই বিদ্রোহী মেয়র প্রার্থীই বলেন, বিষয়টি পরে দেখা যাবে।