দুই মেয়রকে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের ফাঁকে নিজেদের মধ্যে কথা বলছেন আনিসুল  হক ও সাঈদ খোকন
অনুষ্ঠানের ফাঁকে নিজেদের মধ্যে কথা বলছেন আনিসুল হক ও সাঈদ খোকন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচিত মেয়ররা রাজধানীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করে ‘স্মার্ট’ শহর হিসেবে গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা বস্ত্র ও পোশাক খাতের ব্যবসায়ীদের। সে জন্য দুই মেয়রকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তাঁরা।
রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে গতকাল রোববার দুপুরে নির্বাচিত দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ীরা। মেয়ররাও বাসযোগ্য ঢাকা গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। আয়োজক সংগঠনের বাইরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মেট্রো চেম্বারের সভাপতি রোকিয়া আফজাল রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও সহসভাপতি লতিফুর রহমান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএর সভাপতি তপন চৌধুরী মেয়রদের উদ্দেশে বলেন, ‘বিশ্বাস করতে চাই, আপনারা কিছু পরিবর্তন আনবেন। প্রতিটি পর্যায়ের মানুষের কথা ভেবে কাজ করবেন। তবেই গোটা দেশ উপকৃত হবে। রাজনীতি নয়, দেশের সাধারণ মানুষ হিসেবে, ব্যবসায়ী হিসেবে আমরা আপনাদের পাশে আছি।’
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘যততত্র লাগানো পোস্টার ও বিলবোর্ড সরিয়ে দিলেই নগরের চেহারা পাল্টে যাবে। নিয়মিত ঝাড়ু দিতে হবে। মানুষ এমনিতেই খুশি হয়ে যাবে।’
মেয়রদের কাছে প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি নিজেদের করণীয়ও স্মরণ করিয়ে দেন ব্যবসায়ী নেতারা। বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদেরও দায়িত্ব নিতে হবে, যেন রাস্তায় যততত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি।’ সংগঠনের আরেক সাবেক সভাপতি টিপু মুন্সী বলেন, ‘আমরা যেন তাঁদের বিব্রত না করি, চাপে না ফেলি।’
বক্তব্যের একপর্যায়ে ফুল ও ক্রেস্ট দিয়ে দুই মেয়রকে সংবর্ধিত করেন আয়োজক তিন সংগঠনের সভাপতি। এ ছাড়া উপঢৌকন হিসেবে ঢাকা দক্ষিণ ও উত্তরে নিজের অর্থায়নে দুটি ফুটওভারব্রিজ করে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার।
আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মেয়র স্মার্ট ও পরিচ্ছন্ন। তাহলে আপনারা কেন স্মার্ট ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে পারবেন না?’ মেয়র আনিসুল হক বলেন, ‘ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। তা মনে আছে। কথা দিচ্ছি, যাঁরা ভোট দিয়েছেন, যাঁরা দেননি বা দিতে পারেননি, সবাইকে একইভাবে সেবা দেব।’
মেয়র সাঈদ খোকন বলেন, ‘রাজনীতি যার যার, মেয়র থাকবে সবার। নগরপিতা নয়, সন্তানের মতো আমি ঢাকাবাসীকে আগলে রাখব।’ তিনি ব্যবসায়ীদের পিপিপি ভিত্তিতে উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিনা মূল্যে প্রতি বাড়ি বাড়ি পলিথিন সরবরাহ ও শবে বরাতের মধ্যে ঢাকা দক্ষিণের সব সড়কে বাতি লাগানোর প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন। তিনি বলেন, বর্তমানে ২০ ভাগ সড়কেও বাতি নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, জার্মান চেম্বারের সভাপতি আবু সাখাওয়াত। উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজিম, রিয়াজ-বিন-মাহমুদ প্রমুখ।