দুই মেয়রপ্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সফিউল আলম এবং জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) মেয়র প্রার্থী তাওহীদুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই দুই প্রার্থী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন। সফিউল আলম ‘নারিকেল গাছ’ ও তাওহীদুল হক ‘মোবাইল ফোন’ প্রতীকে নির্বাচন করছেন।
সফিউল আলম বলেন, ‘আজ বিকেল তিনটার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলমের ছেলে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিয়ে আমার প্রচার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাঁরা আমার প্রচারকর্মীদের মারধর করে। বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছি।’
তাওহীদুল হক অভিযোগ করেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সীতাকুণ্ড উত্তর বাজার এলাকায় তাঁর নির্বাচনী প্রচারণা চালানোর সময় ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তাঁর প্রচার গাড়ি ভাঙচুর করে। তাঁর দুজন কর্মীকে মারধর করে মাইক্রোফোন ভেঙে ফেলা হয়।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সফিউল আলমের লিখিত অভিযোগ পেয়েছি, তাওহীদুল হকের চিঠি এখনো হাতে এসে পৌঁছায়নি। তবে বিষয়টি ইতিমধ্যে তাওহীদুল হক তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। উভয় প্রার্থীর অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বদিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সঠিক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।