অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় নিয়েই সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার তাঁর দপ্তরে বসেছেন। তাঁর বিরুদ্ধে আগের দিন বুধবার রাষ্ট্রপক্ষের আবেদন গতকাল আদালতের কার্যতালিকা থেকে বাদ গেছে। এদিকে রাষ্ট্রপক্ষ গতকাল আরেকটি আবেদন করে রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ঠেকাতে। এই আবেদনটিও কার্যতালিকা থেকে গতকাল বাদ পড়ে। দুটি আবেদনই রাষ্ট্রপক্ষ কার্যতালিকা থেকে ফিরিয়ে নিয়েছে। ফলে বরখাস্তের ফেরে পড়া বিএনপির এই দুই মেয়রের স্বপদে বহাল থাকতে আপাতত কোনো বাধা নেই।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল একটু বেলা করেই, ৩টা ২১ মিনিটে তাঁর দপ্তরের চেয়ারটিতে বসেন, যেখানে মাত্র চার দিন আগে বসে থাকা অবস্থায় তিনি তাঁকে বরখাস্তের খবরটি শুনেছিলেন এবং শুনে বেরিয়ে গিয়েছিলেন। গতকাল গাড়ি করে নগরের কিনব্রিজ এলাকায় সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে তিনি যখন পৌঁছান, ওয়ার্ড কাউন্সিলরসহ কর্মকর্তারা ফুল হাতে তাঁকে বরণ করার জন্য অপেক্ষা করছিলেন।
এর আগের দিন প্রায় সমান্তরাল ঘটনাচক্রে রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহকর্মীদের ফুলে সংবর্ধিত হয়ে দপ্তরে পা রেখেছিলেন।
মেয়রের চেয়ারে বসার আগে আরিফুল হক চৌধুরী গতকাল অনেক বেলা পর্যন্ত অপেক্ষা করছিলেন ঢাকায় চেম্বার বিচারপতির আদালতের সিদ্ধান্তের। কেননা সিলেটের মেয়র পদ তাঁকে ফিরিয়ে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, সেটির ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি গতকালই শোনার কথা ছিল চেম্বার জজের। তবে রাষ্ট্রপক্ষই কার্যতালিকা থেকে সেটি বাদ দেওয়ার আবেদন জানালে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তা কার্যতালিকা থেকে বাদ দেন।
রাষ্ট্রপক্ষের এই আবেদনে নিয়োজিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশ পেয়ে পর্যালোচনা করে দেখব। এরপর হয়তো আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করব।’
মেয়রের চেয়ারে বসে আরিফুল হক চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, ‘আদালতের নির্দেশে চেয়ারে বসতে পেরেছি, এটা আমার জন্য নয়, দেশের জনগণ তথা সম্মানিত সিলেট নগরবাসী ভোটারদের জন্য মঙ্গলজনক। আশা করি, জনপ্রতিনিধিদের হয়রানিমুক্ত রাখতে সরকার উদ্যোগ নেবে।...যে আইনে আমাকে বরখাস্ত করা হয়, সেটি শুধু আমি নই, বিশেষজ্ঞরাও বলছেন এটি একটি কালো আইন। স্থানীয় সরকার বিশেষজ্ঞসহ সরকারের নীতিনির্ধারকদের কাছে আমি আহ্বান জানাই, এ কালো আইন থাকবে কি না—বিষয়ে আবার ভাবুন।’
নতুন করে দায়িত্ব পালনে আরিফুল হক চৌধুরী সরকার মহলের সহযোগিতার পাশাপাশি নগরবাসীরও সহায়তা চান। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হয়ে বলেছিলাম, নগরপিতা বা মেয়র নই, নগরবাসীর সেবক হয়ে পাঁচ বছর কাটাতে চাই। আমার মেয়াদকালের দুই-আড়াই বছর কেটে গেল বরখাস্ত অবস্থায়। এখন সামনে আছে মাত্র এক বছর। এই এক বছরে আমি নিজেকে উজাড় করে দেব। এ জন্য সকলের সহযোগিতা চাই।’
আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। দায়িত্ব পালনের ৯ মাসের মাথায় হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হয়ে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর তিনি কারাবন্দী হন। এর ১০ দিনের মাথায় ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ এক আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করে। দুই বছর দুই মাস পর সেই বরখাস্তের আদেশ গত ১২ মার্চ আদালতে স্থগিত হয়। এরপর গত রোববার মেয়রের চেয়ারে বসার প্রায় দুই ঘণ্টার মাথায় দ্বিতীয় দফায় বরখাস্ত আদেশ পেয়েছিলেন তিনি। এবার সেটা করা হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কারণ দেখিয়ে।
আবার পৌর মেয়রের চেয়ারে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি জানান, বরখাস্ত হওয়ার চার দিন পর ফের পৌরসভার দায়িত্ব নিয়েছেন হবিগঞ্জের মেয়র জি কে গউছ। গতকাল দুপুরে দায়িত্ব নেওয়ার সময় তাঁকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি ছিলেন মেয়রের দলীয় নেতা-কর্মীরা।
উচ্চ আদালতের নির্দেশে এক বছর পাঁচ মাস পর গত ২৩ মার্চ মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ওই পদে বরখাস্ত হওয়া জি কে গউছ। কিন্তু ১০ দিনের মাথায় তাঁকে গত রোববার দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করা হয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এর পরদিন গত মঙ্গলবার তিনি রিট আবেদন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয় বেঞ্চ দ্বিতীয় দফার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন।