আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সচিব পদে ১০৪ জন, অতিরিক্ত সচিব পদে ৬০৮ জন, যুগ্ম সচিব পদে ১ হাজার ৪০৭, উপসচিব পদে ১ হাজার ৪১৪ জনসহ মোট তিন হাজার ৫৩৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে ইসমত আরা জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা নিয়োগের জন্য পিএসসি ১৮ হাজার ৬৩৬ জনকে নিয়োগের সুপারিশ করেছে। এর মধ্যে ২৮তম বিসিএসে ২ হাজার ১৯৫ জন, ২৯তম বিসিএসে ১ হাজার ৭৪৭, ৩০তম বিসিএসে ২ হাজার ৩৮৪, ৩১তম বিসিএসে ২ হাজার ১০০, ৩২তম বিসিএসে ১ হাজার ৬৮১ এবং ৩৩তম বিসিএসে ৮ হাজার ৫২৯ জন। এ ছাড়া এ ছয়টি বিসিএসের মাধ্যমে ননক্যাডার পদে ১ হাজার ৬০৭টি প্রথম শ্রেণির এবং ৭০০টি দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করা হয়।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ঢাকা চিড়িয়াখানার জন্য ৪ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ২৬ প্রজাতির ১৯০টি পশুপাখি কেনা হয়েছে।
সফুরা বেগমের প্রশ্নের জবাবে ছায়েদুল হক জানান, দেশে ২০১৩-১৪ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে ৩৫ লাখ মেট্রিক টন। অন্যদিকে মাছের চাহিদা ৩৮ লাখ মেট্রিক টন।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চিড়িয়াখানার জন্য ৩৩ প্রজাতির ২৪১টি প্রাণী ও উদ্ধার করা জমির সীমানাপ্রাচীর তৈরির জন্য ৯ কোটি ৯৬ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা চিড়িয়াখানার আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থাপত্য অধিদপ্তর এর মাস্টার প্ল্যান তৈরি করছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হলে ঢাকা চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যাবে।