দুই মেয়ে থানায় জিডি করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মাকে হত্যার পর জামিনে ছাড়া পেয়ে খুনিরা এখন মেয়েদের হুমকি দিচ্ছে। রাজধানীর গুলশানে ব্যবসায়ী সাদিকুর রহমান (৫৫) ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসের হত্যাকারী রুবেল ও তার বন্ধু মিথুন চন্দ্র জামিনে গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছে। ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ২৪ মার্চ রুবেল ওই দম্পতিকে গুলি করে হত্যা করে। ছাড়া পেয়ে তারা ওই দম্পতির মেয়েদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ অভিযোগে গতকাল শনিবার নিহতের মেয়েরা বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নিহত দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ে ও ছেলে প্রবাসে থাকেন। দুই মেয়ে ও পুত্রবধূ ঢাকায় একটি ভাড়া বাসায় থাকেন।গতকাল বাড্ডা থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিহতের দুই মেয়ে রিকশায় করে বাড্ডার ভাটারা মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় জামিনে ছাড়া পাওয়া রুবেল, মিথুন, রাব্বিসহ কয়েকজন তাদের রিকশার গতি রোধ করে। তারা এ সময় দুই বোনকে নানা রকম হুমকি দেয়। এ অবস্থায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। নিহত দম্পতির পুত্রবধূ প্রথম আলোকে জানান, ছাড়া পাওয়ার পর থেকে রুবেল নানা রকম কথা বলে হুমকি দিচ্ছে। হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী নিহতদের মেজো মেয়েকে তারা সরাসরি হুমকি দিয়েছে। রুবেল বিভিন্ন সময় ফোন করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।এদিকে রুবেলের পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার তোড়জোড় করছে বলে জানা গেছে। রুবেলকে যেকোনো সময় বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা নিহতের পরিবারেরও।এর আগে আদালত ওই মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিলেও পুলিশ তাঁদের কোনো খোঁজ রাখছে না বলে অভিযোগ স্বজনদের।তবে বাড্ডা থানার ওসি মজিবর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ মেয়েদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে, তাঁদের নিরাপত্তার দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। রুবেল ও মিথুনের জামিন পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।