দুই মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, চিকিৎসা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের হাউজিং এস্টেটে নিজ বাসায় প্রায় দেড় বছর স্বেচ্ছাবন্দী থাকা যুক্তরাজ্যফেরত আবদুন নূরের দুই মেয়ে শাফিয়া বেগম ও আফিয়া বেগম সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই মেয়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা রোগ নির্ণয় করেন।নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসার জন্য গতকাল রোববার সকালে দুজনকে ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ইসমাইল হোসেন পাটোয়ারীর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।চিকিৎসক সূত্রে জানা গেছে, যেকোনো মানসিক আঘাতে মেয়েদের বাবা আবদুন নূর (৭০) মানসিকভাবে বিকারগ্রস্ত। দিনে দিনে তাঁর এই অবস্থার অবনতি ঘটে। প্রায় দেড় বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর বিকার আরও বেড়ে যায়। এর ধারাবাহিকতায় মেয়েদেরও তাঁর মতো করে জীবন যাপনে বাধ্য করেন তিনি। দীর্ঘমেয়াদি চিকিৎসা ছাড়া সুস্থ জীবনে তাঁদের ফিরিয়ে আনা কঠিন।ইসমাইল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, স্বাভাবিক জীবন যাপন এড়িয়ে দীর্ঘদিন তাঁরা গৃহবন্দী অবস্থায় বসবাস করায় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছেন। নিজেদের মধ্যে আলাদা একটা জগৎ তৈরি করেছেন তাঁরা। প্রাথমিকভাবে দুই সপ্তাহ মেয়াদি চিকিৎসা চলছে। এরপর পরবর্তী অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।পুলিশ ও আত্মীয় সূত্রের বিবরণ অনুযায়ী, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কইয়ারখই গ্রামের বাসিন্দা আবদুন নূর ১৯৫৬ সালে ‘ভাউচার ভিসা’য় যুক্তরাজ্যে যান। সেখানে তাঁর চাকরিজীবন শেষ হলে ১৯৯৬ সালে দেশে ফিরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে হাউজিং এস্টেটের ওই বাড়িতে বসবাস করেন। দুই মেয়ের মধ্যে শাফিয়া নগরের আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ছোট মেয়ে আফিয়া ওই বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন।দুই মেয়ের পড়াশোনাকালীন হঠাৎ তাঁদের বাবা আবদুন নূর আম্বরখানায় একটি সেলাই কারখানা খুলে দুই মেয়েকে সেখানে কাজে লাগিয়ে দেন। প্রায় দেড় বছর আগে আবদুন নূরের স্ত্রী রোকেয়া বেগম মারা গেলে দুই মেয়েকে নিয়ে নিজ বাড়িতে একধরনের বন্দিজীবন শুরু করেন।হাউজিং এস্টেট এলাকার ‘সহিদ মঞ্জিল’ নামের নিজ বাড়িতে প্রায় দেড় বছর স্বেচ্ছাবন্দী থাকার পর গত শনিবার সকালে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল দুপুরে কেবিনে গিয়ে দেখা যায়, দুই বোনই নিজেদের মধ্যে কথা বলছেন। এই প্রতিবেদকের কোনো প্রশ্ন ছাড়াই আফিয়া বলেন, ‘আব্বা কইছাল, পইড়া কিতা অনব, ছাড়ি দেও...! আমরা পড়া ছাড়ছি। আব্বা আমরারে খুব মায়া করইন। আমরাও আব্বারে মায়া করি...! টেইলারিংয়ে আমরা গামবুট পরি যাইতাম। বোরকা পরতাম। কেউ দেখত পারত নায়...!’বড় বোন শাফিয়ার হাতে ও পায়ে ক্ষত কেন জানতে চাইলে আফিয়া নিজ শয্যা থেকে উঠে গিয়ে সমবেদনা প্রকাশের চেষ্টা করেন। এরপর আবার স্বাভাবিক হয়ে বলেন, ‘তাঁর বেমার (অসুখ)! কমব-নি...আব্বা?’ এ কথা বলে চুপ হয়ে যান।কেবিনে দায়িত্বরত জ্যেষ্ঠ সেবিকা শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, দুজনের মধ্যে আফিয়া প্রায় সময় কথাবার্তা বললেও শাফিয়া কোনো কথা বলেন না। হয়তো শারীরিক দুর্বলতার কারণে এ অবস্থা।আবদুন নূর চতুর্থ তলার ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেবিকারা জানালেন, প্রতি ঘণ্টায় তিনি অজু করছেন আর হাসপাতালের শয্যায় নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন। মাঝেমধ্যে ‘আল্লাহর হাওলা...আল্লাহ সহায়’ বলে চিৎকার করছেন। কেমন আছেন জানতে চাইলে আবদুন নূর বলেন, ‘আই ডোন্ট টক টু ইউ, প্লিজ লিভ মি অ্যালোন...!’ (আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমাকে একা থাকতে দাও)।আবদুন নূরের শয্যাপাশে থাকা তাঁর ভাইপো আবদুল ওয়াদুদ বলেন, ‘গতকাল দিনে ও রাতে অনর্গল কথা বলায় উনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। রাতেও তেমন ঘুমাননি। মাঝে মাঝে দুই মেয়ের খবর নিচ্ছেন।’ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মকসুদুল হাসান খান বলেন, আবদুন নূর মানসিকভাবে খুবই অসুস্থ। প্রয়োজনের বাইরে তাঁকে কথা বলতে নিষেধ করা হয়েছে। এদিকে আবদুন নূরের মানসিক ভারসাম্য হারানোর পেছনে কোনো কারণ আছে কি না, এ নিয়ে হাউজিং এস্টেটসহ আশপাশের মানুষের মধ্যে আলোচনা চলছে। বাবা ও দুই মেয়ের গৃহবন্দী থাকা হাউজিং এস্টেটের সেই ১৩২ নম্বর (সহিদ মঞ্জিল) বাড়ি দেখতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, আবদুন নূরের পরিবারের এই অবস্থার ব্যাপারে এলাকাবাসী ও আত্মীয়স্বজনের মাধ্যমে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।